রাজধানীর চারপাশের নদীপথে যাতায়াতের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে নতুন নৌরুট চালু করে সেখানে আধুনিক মানের জলযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। তিনি জানান, ঢাকার চারপাশে নৌ চলাচল বাড়াতে নতুন রুট নির্ধারণ ও আধুনিক জলযান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে নদী রক্ষা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, নদী দখল ও দূষণ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শিল্পকারখানার বর্জ্য যাতে নদীতে ফেলা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখলকারীদের চিহ্নিত করা হয়েছে, তবে এখনো সবাইকে উচ্ছেদ করা সম্ভব হয়নি।

মন্ত্রী আরও জানান, নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি সরকারি জমি নতুন করে লিজ দেওয়া ও দখলের সুযোগ বন্ধ রাখা হয়েছে। নদীর পরিবেশ রক্ষা এবং নৌপথের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬’-এ প্রায় শতাধিক মানুষ অংশ নেন। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীরা প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন। দৌড় শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।