বিশ্বজুড়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের একাধিক সেবা। এতে ইমেইল, ক্লাউড স্টোরেজসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিষেবা ব্যবহারে বিঘ্ন ঘটছে। হঠাৎ এ সমস্যায় হাজারো ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্স ডাউনডিটেক্টরের তথ্যের বরাতে এ বিভ্রাটের খবর প্রকাশ করে। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবায় সমস্যা শনাক্ত ও পর্যবেক্ষণ করে থাকে ডাউনডিটেক্টর। তাদের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের একাধিক পরিষেবা নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ আসছিল।

বিভ্রাটের কারণ সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় বেশি চাপ তৈরি হয়েছে। এর ফলে সেবা ব্যবহারের ক্ষেত্রে সংযোগজনিত সমস্যা দেখা দিতে পারে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়লে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সংযোগ পেতেও সমস্যা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে। আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার পাশাপাশি সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কখন সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এর আগেও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাটের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। ওই সময়ও ব্যবহারকারীরা ইমেইল আদান-প্রদান ও অনলাইন কাজ পরিচালনায় সমস্যায় পড়েছিলেন।

প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্র ও ব্যক্তিগত যোগাযোগে মাইক্রোসফটের সেবার ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির একাধিক পরিষেবায় একসঙ্গে বিভ্রাট দেখা দিলে ব্যক্তিগত ব্যবহারকারীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।