মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি তেলের উৎপাদন পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এশিয়ার বাজারে দিনের শুরুতে দরপতনের পর ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৭টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৮০ সেন্ট হয়।

এশিয়ার বাজারে শুরুতে কমেছিল তেলের দাম

বৃহস্পতিবার দিনের প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। তবে পরবর্তী সময়ে বাজারে দর ঘুরে দাঁড়ায়।

আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বাজারে প্রভাব ফেলছে। একদিকে উৎপাদন পুনরুদ্ধারের সম্ভাবনা দাম কমানোর চাপ তৈরি করছে, অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলছেন বিশ্লেষক

বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অগ্রগতি এবং তেল উৎপাদন স্বাভাবিক হওয়ার গতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।