দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরের যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিষয়, ‘খ’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘শিশুদের জিয়াউর রহমান’ এবং ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—জনতার রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ বিষয় নির্ধারণ করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পরে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদ আলী মঙ্গলিয়া আলী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।