ঢাকা: নিত্যপণ্যের আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে রাজধানীর সাধারণ মানুষের। এক বছরের ব্যবধানে সোনালি মুরগি থেকে শুরু করে মাছ, সবজি ও ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। ফলে দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫০ টাকা। এক বছর আগে যে মুরগি মিলত ২৩০-২৬০ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। ব্রয়লার মুরগির দামও গত বছরের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। বিক্রেতারা সরবরাহের সংকটের কথা বললেও ক্রেতাদের অভিযোগ—ব্যবসায়ীদের কারসাজিতেই এই কৃত্রিম সংকট।
মাছের বাজারেও নেই কোনো সুখবর। মাঝারি সাইজের রুই মাছ এখন ৩৫০ টাকার নিচে মেলা ভার। তেলাপিয়া, পাঙাশ ও কই মাছের দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া বা পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৮০ টাকায়।
ভোজ্যতেলের বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি। কোম্পানিগুলো লিটারে ৩ থেকে ৪ টাকা বাড়ালেও বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে প্রায় ১০ টাকা। অন্যদিকে, চিনির দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে ১০৫ টাকায় ঠেকেছে। গ্রীষ্মকালীন নতুন সবজি বাজারে এলেও চড়া দামের কারণে তা সাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন