বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশনায় বাংলাদেশের নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবেও তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে।

প্রকাশনার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও দুজন স্থান পেয়েছেন। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। তাঁদের সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগের ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম অবস্থানে ছিলেন। তবে নতুন সংস্করণে তাঁর নাম নেই।

‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে ১৩টি বিভাগে ভাগ করে তালিকাভুক্ত করা হয়; তাঁদের নির্দিষ্ট ক্রমিক অবস্থান থাকে না।