বড় বাজেটের সিনেমা মুক্তির সময় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ও টিকিটের সংকট কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। এখন থেকে রাজ্যটিতে কোনো সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি শো চালানো যাবে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার নতুন এই নিয়মে অনুমোদন দিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মদিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও স্থানীয় উৎসবের দিনেও দিনে ছয়টি শো চালানো যাবে। সকাল ৬টা থেকে পরদিন রাত আড়াইটা পর্যন্ত সিনেমা প্রদর্শনের সুযোগ পাবেন প্রেক্ষাগৃহ মালিকেরা।
চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, বড় তারকার সিনেমা মুক্তির সময় টিকিটের চাহিদা বেড়ে যায়। শোর সংখ্যা বাড়লে দর্শকের টিকিট না পাওয়ার ভোগান্তি কমবে।
এর আগে ১৯৫৭ সালের তামিলনাড়ু সিনেমা আইন অনুযায়ী, দিনে সর্বোচ্চ চারটি শো চালানোর নিয়ম ছিল। পরে তা বাড়িয়ে পাঁচটি করা হয়। এবার নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা ছয়ে উন্নীত হলো।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের আশা, নতুন নিয়মে টিকিট বিক্রির সুযোগ বাড়বে। একই সঙ্গে দর্শকের চাপ সামলানো সহজ হবে এবং প্রযোজক, পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকেরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন