‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পরও নতুন ছবিতে কাজ শুরু করতে তাড়াহুড়ো করেননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তরে দীর্ঘ বিরতির কারণ জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত ‘স্ত্রী ২’-এর সাফল্যের পরও নতুন সিনেমায় যুক্ত হতে দেরি করার কারণ জানতে চান। জবাবে শ্রদ্ধা জানান, তাঁর কাছে একাধিক আকর্ষণীয় প্রস্তাব এসেছিল, এমনকি ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও। তবে শুধু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পছন্দ নয় এমন কোনো কাজে যুক্ত হতে চাননি তিনি। মনের মতো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন।

শ্রদ্ধা বলেন, কঠিন হলেও তিনি ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন পেছনে ফিরে নিজের সেই সিদ্ধান্তের জন্য গর্ববোধ করেন। ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকা তরুণীদেরও নিজের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

এদিকে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন শ্রদ্ধা। গত ৩০ অক্টোবর প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘ইথা’র ট্রেলার। ম্যাডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত মিউজিক্যাল ড্রামাটি কিংবদন্তি লাভানি শিল্পী ইথা বাইয়ের জীবন থেকে অনুপ্রাণিত।

সিনেমায় সমাজের বাধা ও প্রচলিত প্রথার বিরুদ্ধে লড়াই করে নিজের পরিচিতি গড়ে তোলা ইথা বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র।