আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। জাতীয় দলে নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে লিওনেল ফ্লোরেসকে বিশেষ সম্ভাবনাময় হিসেবে দেখছেন তিনি। অনুশীলন ও ম্যাচে ফ্লোরেসের পারফরম্যান্সে মুগ্ধ এই আর্জেন্টাইন তারকার বিশ্বাস, ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন তরুণ এই ফুটবলার।

আর্জেন্টিনা ফুটবল বর্তমানে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ খেলোয়াড়দের কয়েকজন ধীরে ধীরে বিদায়ের পথে। অন্যদিকে, নতুন প্রজন্মের ফুটবলারদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় উঠে এসেছে কয়েকজন তরুণ প্রতিভার নাম।

তাদের মধ্যে লিওনেল ফ্লোরেসকে নিয়ে বিশেষভাবে আশাবাদী ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লস এদুলকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ এই ফুটবলারের প্রশংসা করেন তিনি। ফ্লোরেসের অনুশীলন এবং মাঠের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথাও জানান লিভারপুলের এই মিডফিল্ডার।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘লিওনেল ফ্লোরেস অনুশীলনে খুব ভালো ছাপ রেখেছে। যে ম্যাচগুলো খেলেছে, সেখানেও ভালো করেছে। যদিও খুব বেশি খেলার সুযোগ পায়নি। আমার মনে হয়, ভবিষ্যতের জন্য সে বেশ আকর্ষণীয় একটি নাম।’

শুধু ফ্লোরেস নন, আর্জেন্টিনার আরেক তরুণ ফুটবলার আগুস্তিন গিয়াইয়ের পারফরম্যান্সেও সন্তুষ্ট ম্যাক অ্যালিস্টার। তাঁর মতে, জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। নতুনদের মধ্যে নিজেদের যোগ্যতা ও সামর্থ্য দেখানোর মতো অনেকেই রয়েছেন।

গিয়াইয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘সত্যি বলতে, দলে প্রতিভার অভাব নেই। আমার মনে হয়, আগুস্তিন গিয়াইও খুব ভালো করেছে। অনুশীলনে নিজের সামর্থ্য ও মান দেখিয়েছে সে।’

আর্জেন্টিনা দলের সামগ্রিক শক্তি নিয়েও সন্তুষ্ট ম্যাক অ্যালিস্টার। তাঁর বিশ্বাস, দলটির খেলোয়াড়দের ব্যক্তিগত মান অনেক উঁচুতে। তবে শুধু ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর না করে দলীয় সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দিতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মান অনেক উঁচু। আমরা ভালো হাতেই আছি। তবে সব সময় দলকে অগ্রাধিকার দিতে হবে। বুঝতে হবে, বিশ্বের সেরা খেলোয়াড়টি এখন আর আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’

ম্যাক অ্যালিস্টারের এই বক্তব্যে স্পষ্ট, লিওনেল মেসির পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলকে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করছেন খেলোয়াড়েরা। দীর্ঘদিন মেসিকে কেন্দ্র করে গড়ে ওঠা দলটির জন্য এখন নতুন নেতৃত্ব ও প্রতিভার বিকাশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল, মিশরের বিপক্ষে জয় এবং জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সম্ভাবনা নিয়েও কথা বলেন ম্যাক অ্যালিস্টার। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অবশ্য এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না তিনি।

ম্যাক অ্যালিস্টারের বিশ্বাস, জাতীয় দলে মেসির ফিরে আসার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ফলে একদিকে যেমন নতুন প্রজন্মের ফুটবলারদের ঘিরে আশার আলো দেখছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার, অন্যদিকে মেসির মতো অভিজ্ঞ তারকার উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।