সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনকালে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িত সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দেশের তিনটি ক্রীড়া সাংবাদিক সংগঠন। একই সঙ্গে স্টেডিয়ামসহ সব ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বরাবর পাঠানো এক যৌথ প্রতিবাদলিপিতে এসব দাবি জানায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনগুলো।

যৌথ প্রতিবাদলিপিতে বলা হয়, বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ অন্য সাংবাদিকেরা। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের কাজে বাধা দেন। সাংবাদিকেরা নিজেদের পরিচয় ও অ্যাক্রিডিটেশন কার্ড দেখানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

একপর্যায়ে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে সংগঠনগুলো। এতে একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজিব গুরুতর আহত হন। তার পায়ে আঘাত লাগে এবং কান থেকে রক্তক্ষরণ হয়। একই টেলিভিশনের ক্যামেরাপার্সন কে এম মিজানের কনুই রক্তাক্ত হয়। এ সময় তার ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীমও শারীরিক লাঞ্ছনার শিকার হন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে তিন সংগঠন। তাদের মতে, ক্রীড়া সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

প্রতিবাদলিপিতে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি কমিটি গঠন করতে হবে। হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার বিষয়গুলো তদন্ত করতে হবে। তৃতীয়ত, দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংগঠনগুলো জানিয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তাদের নিয়োগকৃত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আর সহযোগী হিসেবে কাজ করছে বাফুফে। তবে আয়োজনের বিভিন্ন পর্যায়ে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার পাশাপাশি সংবাদকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলেছে তারা।

যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। তারা ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।