পেট্রল কিংবা আলকাতরার গন্ধ অনেকের কাছে বিরক্তিকর হলেও কারও কারও কাছে এটি বেশ আকর্ষণীয়। এমনকি কেউ কেউ পেট্রল পাম্পে গেলে বা নতুন রাস্তা নির্মাণের সময় ছড়িয়ে পড়া আলকাতরার গন্ধ উপভোগ করেন। কিন্তু যে গন্ধকে অনেকে অপছন্দ করেন, সেটিই অন্যদের কাছে ভালো লাগার কারণ কী? এর পেছনে রয়েছে মানুষের ঘ্রাণশক্তি, মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ এবং রাসায়নিক পদার্থের বিশেষ ভূমিকা।

পেট্রল মূলত একটি নির্দিষ্ট রাসায়নিক পদার্থ নয়। এটি বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ, যার মধ্যে অ্যালকেন, সাইক্লোঅ্যালকেন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন রয়েছে। এ ছাড়া এতে বেনজিন, টলুইন ও জাইলিনের মতো উদ্বায়ী রাসায়নিক যৌগ পাওয়া যায়। এসব উপাদান সহজেই বাষ্পে পরিণত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে এবং আমাদের নাকের ঘ্রাণগ্রাহী কোষে পৌঁছায়।

অন্যদিকে, আলকাতরা বা কোল টার তৈরি হয় কয়লা প্রক্রিয়াজাত করার মাধ্যমে। এতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ফেনলজাতীয় যৌগ এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) থাকে। তবে কোল টার ও রাস্তা নির্মাণে ব্যবহৃত বিটুমিন একই পদার্থ নয়। এসব রাসায়নিক উপাদানের বৈশিষ্ট্যের কারণে আলকাতরার একটি স্বতন্ত্র গন্ধ তৈরি হয়, যা মানুষের ঘ্রাণশক্তিতে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

গন্ধ কীভাবে মস্তিষ্কে পৌঁছায়?

বাতাসে ভেসে থাকা রাসায়নিক অণু নাকের ভেতরে থাকা ঘ্রাণগ্রাহী রিসেপ্টরে পৌঁছালে স্নায়ুকোষে বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। এই সংকেত ঘ্রাণ-স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের ওলফ্যাক্টরি বাল্বে পৌঁছায়। এরপর সংকেত ছড়িয়ে পড়ে ওলফ্যাক্টরি কর্টেক্স, অ্যামিগডালা ও হিপোক্যাম্পাসের মতো মস্তিষ্কের বিভিন্ন অংশে। এসব অংশ গন্ধ শনাক্তকরণ, আবেগ এবং স্মৃতি প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরোনো স্মৃতির সঙ্গে গন্ধের সম্পর্ক

গন্ধের সঙ্গে মানুষের স্মৃতির সম্পর্ক বেশ গভীর। হার্ভার্ড মেডিকেল স্কুলের ব্যাখ্যা অনুযায়ী, ঘ্রাণের সংকেত মস্তিষ্কের আবেগ ও স্মৃতির সঙ্গে যুক্ত অঞ্চলে তুলনামূলক সরাসরি পৌঁছায়। ফলে কোনো পরিচিত গন্ধ মানুষের মনে পুরোনো ঘটনা, অনুভূতি কিংবা বিশেষ মুহূর্ত ফিরিয়ে আনতে পারে।

ধরা যাক, শৈশবে কেউ বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যেতেন। পথে পেট্রল পাম্পে থামার সময় পেট্রলের গন্ধের সঙ্গে বাবার সান্নিধ্য ও আনন্দের স্মৃতি যুক্ত হয়ে থাকতে পারে। অনেক বছর পর একই গন্ধ পেলে সেই পুরোনো মুহূর্ত আবার মনে পড়ে যেতে পারে। ঘ্রাণের মাধ্যমে এ ধরনের আত্মজীবনীমূলক স্মৃতি ফিরে আসাকে বলা হয় ‘প্রুস্ত ফেনোমেনন’ (Proust Phenomenon)।

২০০৪ সালে স্নায়ুবিজ্ঞানী ও ঘ্রাণবিষয়ক গবেষক র‍্যাচেল হার্জের একটি গবেষণায় দেখা যায়, ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ গন্ধের স্মৃতি মনে করার সময় মস্তিষ্কের অ্যামিগডালা ও হিপোক্যাম্পাস সক্রিয় হয়। পাশাপাশি ২০১৯ সালে সাইকোনমিক বুলেটিন অ্যান্ড রিভিউ সাময়িকীতে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় বলা হয়, গন্ধের মাধ্যমে ফিরে আসা স্মৃতি অনেক সময় তুলনামূলক বেশি আবেগঘন হয়ে থাকে।

সবার কাছে একই গন্ধ ভালো লাগে না

২০২২ সালে কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় নয়টি সংস্কৃতির ২২৫ জন মানুষের গন্ধ পছন্দের ধরন বিশ্লেষণ করা হয়। গবেষণায় গন্ধের পছন্দে রাসায়নিক বৈশিষ্ট্য, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংস্কৃতির প্রভাব পাওয়া যায়। গবেষণার হিসাবে, গন্ধ পছন্দের পার্থক্যের ৪১ শতাংশ রাসায়নিক বৈশিষ্ট্য, ৫৪ শতাংশ ব্যক্তিগত পার্থক্য এবং ৬ শতাংশ সংস্কৃতিগত পার্থক্যের সঙ্গে সম্পর্কিত।

র‍্যাচেল হার্জ মিউজিয়াম অব মডার্ন আর্টকে (মোমা) দেওয়া এক সাক্ষাৎকারেও জানিয়েছেন, গন্ধের প্রতি মানুষের আবেগগত প্রতিক্রিয়া ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে। এমনকি কোনো গন্ধকে কীভাবে বর্ণনা করা হচ্ছে, সেটিও সেই গন্ধের প্রতি মানুষের পছন্দ বদলে দিতে পারে। তাই কারও কাছে পেট্রলের গন্ধ আনন্দদায়ক মনে হলেও অন্য কারও কাছে তা অস্বস্তিকর হতে পারে।

তবে পেট্রল বা আলকাতরার গন্ধ ভালো লাগার অর্থ এই নয় যে এসব পদার্থের সংস্পর্শ নিরাপদ। পেট্রলের বাষ্পে থাকা বেনজিন দীর্ঘমেয়াদে রক্তের ক্যানসার, বিশেষ করে লিউকেমিয়ার ঝুঁকি বাড়াতে পারে। একইভাবে কোল টার ও কোল-টার পিচে থাকা কিছু রাসায়নিক উপাদানও ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই পেট্রল, থিনার বা আলকাতরার গন্ধ ইচ্ছাকৃতভাবে শোঁকা কিংবা দীর্ঘ সময় এসব বাষ্পের সংস্পর্শে থাকা থেকে বিরত থাকা জরুরি।