ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ মো. শাহ আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ছোট খালের ব্রিজের এলজিইডি সড়কসংলগ্ন স্থানে গ্যাসের আগুনের কারণে সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা থাকলেও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতু দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় শিক্ষার্থীদের বিকল্প পথ হিসেবে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এ সড়ক দিয়ে প্রতিনিয়ত মোটরসাইকেল, পর্যটকবাহী জিপ, অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে ছোট শিশুদের জন্য ব্যস্ত এ সড়ক পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, বিকল্প পথ হিসেবে ব্যবহৃত রাস্তাটিও নিরাপদ নয়। ওই পথে একটি ঝুঁকিপূর্ণ দেয়াল পার হয়ে চলাচল করতে হয়। এতে শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার আশঙ্কায় থাকে। দেয়াল পার হতে গিয়ে পড়ে হাত-পা ও কোমরে আঘাত পাওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ কারণে অনেক শিক্ষার্থী দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারছে না।

আগামী ৩ ডিসেম্বর থেকে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না হলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের দাবি, আগুনের স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের সেতু পারাপারের ব্যবস্থা করা হলে তারা নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও আসন্ন বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।