আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে একসময় একই ক্লাবে খেলেছেন নলবার্তো সোলানো। সেই সময়ের স্মৃতি এখনো ভুলতে পারেননি পেরুর সাবেক এই ফুটবলার। এবার লিওনেল মেসির মধ্যেও ম্যারাডোনার ছায়া খুঁজে পেয়েছেন তিনি। পাকিস্তান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ সোলানো মনে করেন, মেসির খেলার মধ্যে ম্যারাডোনারই প্রতিচ্ছবি দেখতে পান ফুটবলপ্রেমীরা। একই সঙ্গে বাংলাদেশের ফুটবলপ্রেম ও সমর্থকদের আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ম্যারাডোনার সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সোলানো। ১৯৯৭ সালে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পর সতীর্থ হিসেবে পেয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। তরুণ বয়সে যাঁকে মাঠে দেখার স্বপ্ন দেখতেন, তাঁর সঙ্গেই একদিন ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয়েছিল সোলানোর।
ম্যারাডোনার সঙ্গে কাটানো সেই সময়কে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে দেখেন সোলানো। নিজের স্বপ্নপূরণের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল একদিন পেরুর হয়ে খেলব। মাঠে ম্যারাডোনাকে দেখলে শুধু তাঁর সঙ্গে হাত মেলাব। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। তাঁকে আমার সতীর্থ বানিয়েছেন। জীবনে কখনো ভাবিনি বোকা জুনিয়র্সে তিনি আমার সতীর্থ হবেন।’
মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনা টেনে সোলানো আরও বলেন, ম্যারাডোনা ছিলেন অসাধারণ একজন ফুটবলার। তাঁর মতে, বর্তমান সময়ে মেসির খেলার মধ্যে যে জাদু দেখা যায়, তা অনেকটাই ম্যারাডোনার কথা মনে করিয়ে দেয়। দুই প্রজন্মের দুই কিংবদন্তির ফুটবলীয় প্রতিভার মধ্যে তিনি খুঁজে পান দারুণ মিল।
ম্যারাডোনার প্রতি নিজের ভালোবাসা ও আবেগের কথাও তুলে ধরেছেন সোলানো। আর্জেন্টাইন কিংবদন্তিকে এখনো বন্ধু হিসেবে স্মরণ করেন তিনি। সোলানোর বিশ্বাস, ম্যারাডোনা যেখানেই থাকুন না কেন, তাঁর ভক্তের অভাব হবে না। এমনকি মজা করে বলেছেন, ম্যারাডোনা মঙ্গল গ্রহে থাকলেও সেখানেও তাঁর সমর্থক পাওয়া যাবে। কারণ, তাঁর জনপ্রিয়তা শুধু একটি দেশ বা মহাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
বোকা জুনিয়র্সে অনুশীলনের সময়ই সোলানোর প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন ম্যারাডোনা। তরুণ এই পেরুভিয়ানের ফুটবলীয় দক্ষতা দেখে তাঁকে ‘এল মাস্ত্রিতো’ নামে ডাকতে শুরু করেন। স্প্যানিশ ভাষার এই শব্দের অর্থ ‘লিটল মাস্টার’। সেই ডাকনাম আজও সোলানোর ফুটবলজীবনের অন্যতম স্মরণীয় অংশ হয়ে আছে।
১৯৯৭ সালে টানা তিনবার পেরুর লিগ জয়ের অভিজ্ঞতা নিয়ে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছিলেন সোলানো। সেখানে ম্যারাডোনার সঙ্গে মাত্র এক মৌসুম খেলেছেন তিনি। এই সময়ে ৩২ ম্যাচে পাঁচটি গোল করেন। এরপর ১৯৯৮ সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেন নিজের ক্যারিয়ারে।
প্রিমিয়ার লিগে খেলা প্রথম পেরুভিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন সোলানো। পরবর্তী সময়ে অ্যাস্টন ভিলা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। ইংল্যান্ডের ফুটবলে ৩০০টির বেশি ম্যাচ খেলে করেছেন ৪৯ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬২টি গোল। পেরুর জাতীয় দলের হয়ে ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ২০।
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবেও এখন আলোচনায় রয়েছেন সোলানো। তাঁর অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি। অন্যদিকে, বাংলাদেশের বিদায় নিশ্চিত হলেও দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করেছেন পাকিস্তানের এই কোচ।
বাংলাদেশের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সোলানো বলেন, ‘বাংলাদেশকে দেখে আমি সত্যিই মুগ্ধ। কয়েক দিন আগে এখানে যে পরিবেশ পেয়েছি, তা অসাধারণ। আপনারা ফুটবল ভালোবাসেন। আপনাদের জন্য আমি খুব খুশি। ভবিষ্যতের জন্য শুভকামনা। এখানে আপনারা বিশ্বকে দেখিয়েছেন, ফুটবলকে কতটা ভালোবাসেন।’



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন