সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে জয় পেলেই শিরোপার মঞ্চে ভারতের প্রতিপক্ষ হবে লাল-সবুজের দল। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে আজকের ম্যাচে বাংলাদেশের সামনে শুধু পাকিস্তানকে হারানোর চ্যালেঞ্জ নয়, একই সঙ্গে ফাইনালে ওঠার সুযোগও।
পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজাতে বড় পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন আটজন বংশোদ্ভূত ফুটবলার। তাদের মধ্যে দেশি ফুটবলার হিসেবে রয়েছেন গোলরক্ষক শ্রাবণ, রহমত ও রাকিব।
আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাদের জায়গায় খেলছেন রহমত, আর ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন শুকি। বাংলাদেশের একাদশে রয়েছেন শ্রাবণ, জায়ান, জিদান, তারিক, রহমত, হামজা, শমিত, কাজেম, ফারহান, শুকি ও রাকিব।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। ম্যাচের নবম মিনিটে ক্রস থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান বিষ্ণু। এতে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে চিংলেন সানা সিংয়ের গোলে ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করে দলটি।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। ৪৮ মিনিটে টাশি টোবডেনের গোলে ব্যবধান কমায় তারা। ভিএআরে যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি ভুটান। ফলে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। এখন বাংলাদেশের অপেক্ষা পাকিস্তান বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন