আল্ট্রা প্রসেসড খাবার (Ultra-Processed Foods বা UPFs) নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে। তবে সব প্রক্রিয়াজাত খাবারই যে শরীরের জন্য ক্ষতিকর, এমন ধারণা সঠিক নয়। বিবিসি নিউজের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য সংবাদদাতা ডম হিউজ জানিয়েছেন, খাবার নিরাপদ রাখা, সংরক্ষণ করা কিংবা সহজে ব্যবহারের উপযোগী করতে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ প্রয়োজন। যেমন দুধ পাস্তুরিত করে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করা, সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি, টমেটো কৌটাজাত করা এবং মটরশুঁটি হিমায়িত রাখা। এসব প্রক্রিয়ায় খাবারের ব্যবহার সহজ হয় এবং অনেক ক্ষেত্রে পুষ্টিগুণও বজায় থাকে। তাই সাধারণ প্রক্রিয়াজাত খাবার এবং অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারের পার্থক্য বোঝা জরুরি।

আল্ট্রা প্রসেসড খাবার বলতে সাধারণত এমন খাদ্যপণ্য বোঝায়, যেগুলো কারখানায় বিভিন্ন শিল্পপ্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবং এতে ঘরে সাধারণত ব্যবহার করা হয় না এমন উপাদান যুক্ত থাকে। পাঁচটির বেশি উপাদান থাকাকে অনেকে প্রাথমিক ধারণা হিসেবে ব্যবহার করেন, যদিও এটি কোনো সর্বজনীন বা চূড়ান্ত বৈজ্ঞানিক সংজ্ঞা নয়। এসব খাবারে ইমালসিফায়ার, কৃত্রিম রং, ফ্লেভার এনহ্যান্সার, বিভিন্ন রাসায়নিক সংযোজক এবং হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকতে পারে। উৎপাদনের সময় খাবারকে নির্দিষ্ট আকৃতি দেওয়া, উচ্চচাপে এক্সট্রুশন পদ্ধতিতে সিরিয়াল বা স্ন্যাকস তৈরি, হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় তরল তেলকে কঠিন চর্বিতে রূপান্তর এবং কারখানায় আগে থেকে ভেজে প্যাকেটজাত করার মতো পদ্ধতি ব্যবহার করা হয়। ডাইনোসর আকৃতির চিকেন নাগেট, কিছু বিস্কুট, মার্জারিন, ফ্রোজেন চিপস ও ফিশ ফিঙ্গার এর উদাহরণ।

অতিরিক্ত আল্ট্রা প্রসেসড খাবার গ্রহণের সঙ্গে স্থূলতা, হৃদ্‌রোগ, টাইপ-২ ডায়াবেটিস, কয়েক ধরনের ক্যানসার এবং উদ্বেগ ও বিষণ্নতার মতো মানসিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। ২০২৫ সালের একটি গবেষণায় বেশি পরিমাণে এসব খাবার গ্রহণকারীদের অকালমৃত্যুর ঝুঁকি বেশি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে গবেষকেরা বলছেন, সরাসরি কারণ প্রমাণ করা কঠিন। কারণ খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম, ধূমপান ও আর্থসামাজিক অবস্থাও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মানুষের দৈনিক মোট ক্যালরির অর্ধেকেরও বেশি এসব খাবার থেকে আসতে পারে। ২০২১ সালের একটি বিশ্লেষণে অতিরিক্ত গ্রহণকে স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। অতিরিক্ত চিনি ও চর্বি মস্তিষ্কে দ্রুত আনন্দের সংকেত তৈরি করে। নরম খাবার কম চিবিয়ে দ্রুত খাওয়া যায় বলে পেট ভরে যাওয়ার সংকেত পাওয়ার আগেই বেশি খাওয়া হয়ে যেতে পারে।

এসব খাবারের ক্ষতির কারণ শুধু শিল্পপ্রক্রিয়া, নাকি অতিরিক্ত ক্যালরি, চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো আলোচনা চলছে। ৪০টির বেশি গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, এসব খাবারনির্ভর খাদ্যতালিকায় সাধারণত ক্যালরি ও চিনির পরিমাণ বেশি থাকে, কিন্তু আঁশ ও প্রয়োজনীয় অণুপুষ্টি তুলনামূলক কম থাকে। কিছু বিশেষজ্ঞের মতে, শিল্পপ্রক্রিয়ায় খাবারের গঠন পরিবর্তিত হওয়ায় শরীরের প্রতিক্রিয়াও বদলাতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়, আস্ত বাদাম থেকে শরীর যতটা চর্বি শোষণ করে, গুঁড়া করা বাদামের ক্ষেত্রে তার চেয়ে বেশি তেল সহজে বেরিয়ে আসতে পারে। অন্ত্রের উপকারী জীবাণুর ওপরও এসব খাবারের প্রভাব থাকতে পারে। তবে এসব প্রভাব নিশ্চিতভাবে বুঝতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন।

তবে সব আল্ট্রা প্রসেসড খাবারকে একইভাবে ক্ষতিকর বলা যায় না। উদাহরণ হিসেবে ব্র্যান ফ্লেক্সের কথা বলা হয়েছে। এটি অতিমাত্রায় প্রক্রিয়াজাত হলেও এতে গোটা গম ও গমের ভুসি থেকে আঁশ পাওয়া যায়, যা অন্ত্রের স্বাস্থ্যে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এতে নিয়াসিন, ভিটামিন বি৬, রিবোফ্লাভিন, ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি-এর মতো পুষ্টি উপাদানও যোগ করা থাকে। খাদ্যশিল্পের সংগঠন ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশনের দাবি, UPF-এর বিস্তৃত সংজ্ঞার কারণে পাউরুটি, দই, পাস্তা সস, হুমাস, পেস্টো, গনোচি ও ভেগান চিজের মতো খাবারও অযথা নেতিবাচকভাবে বিবেচিত হতে পারে। তাদের মতে, অনুমোদিত খাদ্য সংযোজক যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে আসে। এমনকি যুক্তরাজ্যের সাধারণ সাদা গমের ময়দায়ও আইন অনুযায়ী ক্যালসিয়াম কার্বোনেট, নিয়াসিন ও থায়ামিন যোগ করা হয়।

স্বাস্থ্যকর থাকতে তাই সব ধরনের প্রক্রিয়াজাত খাবার একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই; বরং খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটি অন নিউট্রিশন গবেষণার সীমাবদ্ধতার কারণে কঠোর খাদ্যনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সময় ও অর্থের সীমাবদ্ধতায় সব UPF এড়িয়ে চলাও অনেকের জন্য বাস্তবসম্মত নয়। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরামর্শ হলো, প্রতিদিনের খাবারে ফলমূল ও শাকসবজি বাড়ানো, চিনিযুক্ত পানীয়ের বদলে পানি পান করা এবং সপ্তাহের কিছু সময় ঘরে রান্না করা। বাজার থেকে খাবার কেনার সময় শুধু উপাদানের সংখ্যা নয়, বরং পণ্যে কতটা লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বি রয়েছে, তা দেখতে হবে। একই সঙ্গে ভিটামিন ও খনিজসমৃদ্ধ ফোর্টিফায়েড রুটি বা সিরিয়ালকে শুধু অতিরিক্ত উপাদান থাকার কারণে অস্বাস্থ্যকর ভাবা ঠিক নয়। সচেতন খাদ্য নির্বাচনই সুস্থ থাকার গুরুত্বপূর্ণ উপায়।