দুই দশকেরও বেশি সময় ধরে হামমুক্ত দেশের স্বীকৃতি ধরে রাখার পর সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২ মাসের বেশি সময় ধরে দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এই স্বীকৃতি বাতিল করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, একই সঙ্গে মেক্সিকো ও বলিভিয়াও হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) পরিচালক ডা. জারবাস বারবোসা।
টিকাদানের ঘাটতিতে বাড়ছে হামের সংক্রমণ
ডা. জারবাস বারবোসা বলেন, হামের সংক্রমণ আবারও ছড়িয়ে পড়া পুরো অঞ্চলের জন্য গুরুতর সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে টিকাদানের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তার প্রভাব এখন দেখা যাচ্ছে। বিশ্বজুড়েই হাম সংক্রমণ বাড়ার পেছনে টিকাদানের অপর্যাপ্ততাকে বড় কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পাহোর টিকাদান বিভাগের নির্বাহী ব্যবস্থাপক ড্যানিয়েল সালাস জানান, হাম নির্মূলের স্বীকৃতি হারানো দেশগুলোকে টিকাদানের হার বাড়ানোর জন্য কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
যুক্তরাষ্ট্রে চলতি বছর ৫ হাজার ৪০০ আক্রান্ত
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে রোগটিতে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৯৯০-এর দশকের পর এটিই দেশটিতে হামের সংক্রমণ ও মৃত্যুর সর্বোচ্চ পরিসংখ্যান।
আক্রান্তের দিক থেকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। সেখানে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং সাতজনের মৃত্যু হয়েছে।
হামমুক্ত দেশের স্বীকৃতি হারানোর পর সিডিসি জানিয়েছে, টিকার প্রাপ্যতা বাড়িয়ে আবারও এই মর্যাদা ফিরে পাওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, হাম নির্মূলের স্বীকৃতি নয়, বরং টিকাদানই মানুষকে সুরক্ষা দেয়। সংক্রমণ কোথায় ছড়াচ্ছে, তা শনাক্ত করে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোতে ১০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।
এমএমআর টিকা নেওয়ার পরামর্শ কেনেডির
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র অতীতে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলেও এবার হাম প্রতিরোধে এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, টিকাদানের ঘাটতি পূরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
এমএমআর টিকা হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে ব্যবহৃত হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এই টিকার দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দুটি ডোজ সম্পন্ন হলে হাম প্রতিরোধে টিকাটি প্রায় ৯৭ শতাংশ কার্যকর।
টিকাদানের হার কমে ৯২ দশমিক ৪ শতাংশ
বিশেষজ্ঞদের মতে, কোনো জনগোষ্ঠীতে হামের বিস্তার ঠেকাতে ‘হার্ড ইমিউনিটি’ বা গণ-রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা জরুরি। এ জন্য সাধারণত টিকাদানের হার ৯৫ শতাংশের কাছাকাছি থাকা প্রয়োজন।
কিন্তু যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।
কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিকেল সেন্টারের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নুয়ান গুণবর্ধনে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি হারানোকে বড় ধরনের পিছিয়ে পড়া হিসেবে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া এবং রাজনৈতিক পর্যায়ে টিকা নিয়ে বিতর্কের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে টিকাদানের হারেও।
ইউরোপের কয়েকটি দেশও হারিয়েছে হামমুক্ত মর্যাদা
ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে আমেরিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সংক্রমণ আবার বাড়তে থাকায় দেশটি সেই অর্জন ধরে রাখতে পারেনি।
এদিকে চলতি বছর যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া ও রাশিয়াসহ ইউরোপের কয়েকটি দেশও হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং টিকা সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদানের হার বাড়ানো না গেলে বিভিন্ন দেশে রোগটির সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন