ত্বকের ব্রণ, একজিমা, সোরিয়াসিস কিংবা বয়সের ছাপ—এসব সমস্যার পেছনে শুধু বাহ্যিক কারণই দায়ী নয়, খাদ্যাভ্যাস ও শরীরের বিপাকীয় অবস্থারও ভূমিকা থাকতে পারে। বিশেষ করে রক্তে চিনির মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার সঙ্গে শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া এবং ত্বকের বিভিন্ন সমস্যার সম্পর্ক রয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। দীর্ঘমেয়াদে অতিরিক্ত গ্লুকোজের প্রভাবে কোলাজেনের গঠন পরিবর্তিত হওয়ার প্রক্রিয়া ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতাকেও প্রভাবিত করতে পারে।
রক্তে চিনির মাত্রা বাড়লে ত্বকে কী প্রভাব পড়ে?
খাবার গ্রহণের পর রক্তে চিনির মাত্রা বাড়ে। তবে অতিরিক্ত পরিশোধিত চিনি ও উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার গ্রহণ করলে এই মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। এ ধরনের ওঠানামার সঙ্গে শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়ার সম্পর্ক রয়েছে।
ত্বকের ব্রণ বা অ্যাকনে, একজিমা, সোরিয়াসিস এবং রোসেশিয়ার মতো সমস্যার ক্ষেত্রে প্রদাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে খাদ্যাভ্যাসের কারণে প্রদাহজনিত প্রক্রিয়া প্রভাবিত হলে কিছু মানুষের ত্বকের সমস্যাও বাড়তে পারে।
গবেষণায় মিলেছে ব্রণ কমানোর সম্ভাব্য উপায়

২০০৭ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি নিয়ন্ত্রিত গবেষণায় ১৫ থেকে ২৫ বছর বয়সী ৪৩ জন ব্রণ আক্রান্ত পুরুষকে নিয়ে ১২ সপ্তাহ পরীক্ষা চালানো হয়। তাঁদের একদলকে কম গ্লাইসেমিক লোডযুক্ত খাবার এবং অন্য দলকে প্রচলিত খাদ্যতালিকা অনুসরণ করতে দেওয়া হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, কম গ্লাইসেমিক লোডযুক্ত খাবার গ্রহণকারী দলের ত্বকে ব্রণের ক্ষতের সংখ্যা তুলনামূলক বেশি কমেছে। পাশাপাশি তাঁদের ইনসুলিন সংবেদনশীলতারও উন্নতি হয়েছে। তবে ওজন কমার প্রভাবও ফলাফলের পেছনে থাকতে পারে। তাই শুধু খাদ্যতালিকাকেই একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা যায় না।
বলিরেখা তৈরিতে গ্লাইকেশন কতটা দায়ী?
ত্বকের তারুণ্য ও স্থিতিস্থাপকতা ধরে রাখতে কোলাজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে গ্লাইকেশন নামের একটি প্রক্রিয়ায় গ্লুকোজ বিভিন্ন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস (AGEs) তৈরি করতে পারে।দীর্ঘমেয়াদে এসব উপাদান কোলাজেন ও ইলাস্টিনের স্বাভাবিক গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া ও বলিরেখা তৈরির মতো সমস্যা দেখা দিতে পারে।
তবে বয়স, বংশগত বৈশিষ্ট্য, সূর্যের অতিবেগুনি রশ্মি, ধূমপান ও জীবনযাপনের অন্যান্য বিষয়ও ত্বকের বয়স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু চিনি বা রক্তে চিনির মাত্রার ওঠানামাকে বলিরেখার একমাত্র কারণ বলা ঠিক নয়।
ত্বক ভালো রাখতে খাদ্যাভ্যাসে যেসব পরিবর্তন জরুরি
ত্বকের সুস্থতা বজায় রাখতে খাদ্যতালিকায় শাকসবজি, ডাল, আঁশযুক্ত খাবার এবং কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার রাখা যেতে পারে। অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেটের ব্যবহার সীমিত করাও উপকারী হতে পারে।এ ছাড়া নিয়মিত হাঁটাচলা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের পাশাপাশি বিপাকীয় স্বাস্থ্যের জন্য সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্নে শুধু ক্রিম বা প্রসাধনীর ওপর নির্ভর না করে শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন। তবে ব্রণ, একজিমা বা সোরিয়াসিয়ার মতো সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বকের যত্নে সহায়ক হলেও এটি চিকিৎসার বিকল্প নয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন