পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে পটিয়ার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানির সমস্যার কথা জানানো হচ্ছে। এ সমস্যা নিরসনে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও সরকারি উদ্যোগে এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পড়াশোনার খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা, অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ওসি) জিয়াউল হক , পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সংশ্লিষ্টবৃন্দ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন