পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মো. আমজাদ হোসেন নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ নভেম্বর মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমজাদ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।
জানা যায়, চলতি বছরের ৩০ অক্টোবর রাতে উপজেলার বাদামতল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে দুই দফায় মারামারির ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজনকে রক্তাক্ত জখম করেন আসামি আমজাদসহ অন্যরা। পরে গুরুতর আহত অবস্থায় সুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় যুবদল নেতা সুজন ৪ নভেম্বর পটিয়া থানায় যুবদল নেতা মো. আমজাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৪/৩৫৩। মঙ্গলবার আমজাদ হোসেন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সুজন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বাদীপক্ষের পক্ষ থেকে আবু বক্করের ওপর হামলার বিবরণ তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী আবু বক্কর সুজন অভিযোগ করেন, আমজাদ আগে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এক চোরকে শাসন করায় আমজাদসহ তাঁর লোকজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন