ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলোর অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা ও অবকাঠামো খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ।

তিনি বলেন, ইসলামি অর্থায়ন ব্যবস্থার বিকাশ এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিকল্পিত এ উদ্যোগের ফলে শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের ঘাটতি কমবে এবং ইসলামি ব্যাংকগুলো তাদের অতিরিক্ত অর্থ আরও কার্যকরভাবে বিনিয়োগ করতে পারবে।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ডেপুটি গভর্নর বলেন, অর্থনৈতিক বিভাজন ও অনিশ্চয়তার কারণে বিদেশি অর্থায়ন দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। পাশাপাশি অর্থায়নের শর্তও কঠোর হচ্ছে। এ অবস্থায় দেশের নিজস্ব অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি।

তিনি জানান, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বর্তমানে মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন বাজারে বাংলাদেশের অবস্থান বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন সুকুক ইস্যুর মাধ্যমে দেশের ইসলামি অর্থায়ন বাজার আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে মো. কবির আহমেদ বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করেছে।

তার মতে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং ইসলামি ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা দূর করা।

তিনি আরও জানান, মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বতন্ত্র ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে।

ইসলামি ব্যাংকিং খাতের তদারকি বাড়াতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পৃথক ইসলামি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ এবং একটি শীর্ষ শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে।

পাশাপাশি মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকের মতো ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার নির্দেশিকাও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতের দুর্বলতা শনাক্ত ও সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন কার্যক্রম চলছে।

এ সময় ডেপুটি গভর্নর কঠোর অবস্থান জানিয়ে বলেন, ‘ইসলামি ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

ইসলামি ব্যাংকিং খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কবির আহমেদ বলেন, ঋণ বিতরণ শুধু সীমিতসংখ্যক বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত রাখা উচিত নয়। বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি এবং গ্রামীণ ব্যবসায়ীদের অর্থায়নের সুযোগ বাড়াতে হবে।

বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক ঋণসুবিধার বাইরে থাকা আঞ্চলিক উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।

তার মতে, উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বাড়ানো গেলে ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি কমবে। একই সঙ্গে ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও স্থায়িত্ব প্রতিষ্ঠা সহজ হবে।