কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক।

বিজিবি জানায়, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র-গুলি ও বিস্ফোরক সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ২ বিজিবির সদস্যরা সড়কে তল্লাশিচৌকি স্থাপন করেন। তল্লাশির একপর্যায়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গুলিসহ ওই দুই অটোরিকশাচালককে আটক করা হয় এবং পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।