ব্রাজিলের ফুটবলে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ম্যাচে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ব্যাপক মারামারি ও বিশৃঙ্খলার কারণে ম্যাচটিতে এত বিপুলসংখ্যক বহিষ্কারের ঘটনা ঘটে, যা ফুটবল ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (১ নভেম্বর) ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল উবেরলান্দিয়া ও মামোরে। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় মামোরে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘটিত ভয়াবহ হাতাহাতির ঘটনা।

মিনাস গেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত তথ্য এবং রেফারি ফার্নান্দো প্যাট্রিক মোদেস্তের ম্যাচ রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৪৩ জন খেলোয়াড়, আটজন কোচিং স্টাফ এবং দুই ক্লাব কর্মকর্তা লাল কার্ড দেখেছেন। অর্থাৎ একটি ম্যাচে মোট ৫৩ জনকে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে একটি ফুটবল ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ক্লাব আতলেতিকো ক্লাইপোলে ও ভিক্টোরিয়া আরেভাসের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এবার ব্রাজিলের ম্যাচটি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

ম্যাচ রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিট পর উবেরলান্দিয়ার লুইকে বিস্পো দো সান্তোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উবেরলান্দিয়ার তিনজন স্টাফ মাঠে প্রবেশ করে আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারিদের দিকে এগিয়ে যান। এ সময় তাঁদের একজন রেফারিদের প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ম্যাচটি প্রায় ৪০ মিনিট বন্ধ রাখা হয়। মাঠে প্রবেশ করা কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পর আবার খেলা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফাউলের প্রতিবাদ জানাতে গিয়ে মামোরের এক খেলোয়াড় রেফারির সঙ্গে তর্কে জড়ালে তাঁকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়।

এরপর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পেটে ঘুষি মারার অভিযোগে উবেরলান্দিয়ার আরেক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। যোগ করা সময়ে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। এ সময় উবেরলান্দিয়ার ছয়জন বলবয়ও মামোরের খেলোয়াড় ও কোচিং স্টাফদের লাথি মারেন এবং বিভিন্ন জিনিস ছুড়ে মারেন বলে ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মারামারির তীব্রতা এতটাই বেশি ছিল যে, রেফারি মোদেস্তের পক্ষে শারীরিকভাবে প্রত্যেককে লাল কার্ড দেখানো সম্ভব হয়নি। পরে ম্যাচ রিপোর্টের মাধ্যমে বহিষ্কৃতদের নাম ও সংখ্যা নিশ্চিত করা হয়। এতে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনের বহিষ্কারের তথ্য উঠে আসে।

এ ঘটনায় আরও কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। মামোরের পক্ষের দাবি, তাদের খেলোয়াড়দের ড্রেসিংরুম ভাঙচুর করা হয়েছে। এমনকি দলের পানি রাখার কুলার, ম্যাসাজের ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম স্টেডিয়ামের নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত ও আইনি পদক্ষেপের বিষয়টিও সামনে এসেছে।

সব মিলিয়ে একটি ফুটবল ম্যাচে ৫৩ জনের লাল কার্ড দেখার ঘটনা বিশ্ব ফুটবলে বিরল ও আলোচিত অধ্যায় হয়ে থাকল।