বিএফডিসিতে চিত্রনায়ক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করায় তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়। স্বামীকে নিয়ে গর্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জয় চৌধুরীর পারিবারিক শিক্ষার প্রশংসা করার পাশাপাশি তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের কথাও জানিয়েছেন রোমানা নীড়। তাঁর এই বক্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চিত্রনায়ক জয় চৌধুরী ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হেলাল খান প্রকাশ্যে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন। ঘটনাটি সামনে আসার পর চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ঘটনার সূত্রপাত গতকাল রোববার বিএফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। সেখানে উপস্থিত না হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ কণ্ঠে জয় চৌধুরীকে উদ্দেশ করে হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’ তাঁর এমন মন্তব্যের পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন শিল্পীকে প্রকাশ্যে এভাবে সম্বোধন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
অন্যদিকে, ঘটনাটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জয় চৌধুরী। তাঁর ভাষ্য অনুযায়ী, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসেছিলেন। তায়েব ভাইয়ের আসতে দেরি হওয়ায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। পাশাপাশি জন্মদিনের কেক কাটার উদ্দেশ্যেও তাঁদের সেখানে আসা হয়েছিল।
জয় চৌধুরী আরও জানান, ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলার সময় এবং মানববন্ধন শুরু হতে দেরি হওয়ায় হেলাল খান তাঁর ওপর ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করা হয়েছে বলে মনে করেন জয়। তবে ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন বা কীভাবে বিএফডিসিতে এসেছিলেন বলে জানান তিনি।
এদিকে, স্বামীকে নিয়ে বিতর্কের মধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন চিত্রনায়িকা রোমানা নীড়। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে জয় চৌধুরীর প্রতি সমর্থন প্রকাশ করেন তিনি। স্বামীর আচরণ ও পারিবারিক শিক্ষার বিষয়টি তুলে ধরে তাঁকে নিয়ে গর্বের কথাও জানান এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে রোমানা নীড় লেখেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’
রোমানা নীড়ের এই বক্তব্য থেকে স্বামী জয় চৌধুরীর প্রতি তাঁর দৃঢ় সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে। বিএফডিসির ঘটনাকে কেন্দ্র করে জয় চৌধুরী ও হেলাল খানের মধ্যকার এই বিরোধ এবং পরবর্তী সময়ে রোমানা নীড়ের প্রতিক্রিয়া নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন