বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।
আগামী ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ক্ষমতার অপব্যবহার ও স্বৈরশাসনের গল্প ‘নৃপতি’
‘নৃপতি’ নাটকে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং শাসকের খামখেয়ালিপনার চিত্র। নাটকের কেন্দ্রীয় চরিত্র নৃপতি নিজের ক্ষমতা ধরে রাখতে সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশাকে উপেক্ষা করে।
তীব্র শীতে যখন সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে, তখন তাদের কষ্ট আড়াল করতে বসন্তের কৃত্রিম আনন্দের আয়োজন করে নৃপতি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের অর্থের প্রলোভন দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টাও করে সে। এভাবেই নাটকটিতে স্বৈরশাসনের স্বরূপ এবং তার পরিণতি তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ।
নাটক নিয়ে যা বললেন নির্দেশক
নাটকটির নির্দেশক বদরুদ্দোজা বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হলেও বিপ্লবী জনতা ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী হতে দেয় না। মানুষ একসময় নিজেদের প্রাপ্য অধিকার আদায় করে নেয়।
তিনি আরও বলেন, এই বিষয়টি হুমায়ূন আহমেদ নাটকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তাঁদের অনুরোধেই তৎকালীন সময়ে তিনি নাটকটি লিখেছিলেন।
অভিনয়ে থাকছেন যারা
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া ও এস এম সাগরসহ আরও অনেকে।
ক্ষমতা, প্রতিবাদ ও সাধারণ মানুষের অধিকার নিয়ে হুমায়ূন আহমেদের লেখা ‘নৃপতি’ নাটকটি দর্শকদের সামনে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন