দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের মৃত্যুর পর তাঁর সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যরা কোনো অর্থ পাবেন না বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর একটি পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় আসার পর বিষয়টি আবারও সামনে এসেছে।

চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর অভিনেতার সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই সম্পত্তি নিয়ে রজনীকান্তের আগের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে।

মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপ যাবে ট্রাস্টের কাছে

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছিলেন রজনীকান্ত। তিনি বলেছিলেন, মৃত্যুর পর এই সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এ সিদ্ধান্ত নিজের উইলেও অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।

ভিডিওতে রজনীকান্ত বলেন, ‘যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই তামিলনাড়ুর মানুষের কাছেই যাবে প্রতিটি পয়সা। আমার পরিবার এক পয়সাও পাবে না।’

ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান অভিনেতা

তামিলনাড়ুর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রজনীকান্ত বলেন, সিনেমার টিকিটের দাম যেমনই হোক, সেখানকার মানুষ সবসময় তাঁর সিনেমা দেখেছেন এবং তাঁকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে এমন পরিকল্পনা করেছেন তিনি।

অভিনেতার বক্তব্য অনুযায়ী, চাইলে যেকোনো সময় উইল পরিবর্তন করা সম্ভব। তবে মানুষের সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা উচিত নয় বলে মনে করেন তিনি। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন রজনীকান্ত।

এ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন বলেও জানিয়েছেন অভিনেতা।

রাঘবেন্দ্র মণ্ডপে হোটেল নির্মাণের আলোচনা

সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে বলে উল্লেখ করা হয়। এরপর থেকেই স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে আগ্রহ তৈরি হয়।

তবে স্থাপনাটি পুরোপুরি হোটেলে রূপান্তর করা হবে, নাকি এর কোনো অংশ হোটেল হিসেবে ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিকল্পনার বিস্তারিতও স্পষ্ট নয়।

এর মধ্যেই রজনীকান্তের সম্পত্তি নিয়ে পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

নতুন সিনেমায় ব্যস্ত রজনীকান্ত

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। তাঁকে সামনে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধর্মন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে।