মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। ৩ হাজার ১৫০টি হীরাখচিত সাদা সোনার বিশেষ মুকুটের পাশাপাশি তিনি পাচ্ছেন কোটি টাকার আর্থিক সুবিধা, বিলাসবহুল আবাসন, ব্যক্তিগত স্টাইলিস্টসহ নানা সুযোগ-সুবিধা। এক বছরের জন্য বিশ্বব্যাপী এই সৌন্দর্য প্রতিযোগিতার দূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তবে মুকুট জয়ের পর ঠিক কী কী সুবিধা পাবেন জেনিফার, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের।

মিস ইউনিভার্সের নতুন মুকুট

মিস ইউনিভার্সের ৭৫তম আসর উপলক্ষে তৈরি করা হয়েছে নতুন মুকুট। এর নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’, যার বাংলা অর্থ ‘চিরন্তন ঐতিহ্যের দীপ্তি’। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাস বিপণিবিতানে আনুষ্ঠানিকভাবে মুকুটটি উন্মোচন করা হয়।

১৮ ক্যারেটের সাদা সোনায় তৈরি এই মুকুটে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ১৫০টি ব্রিলিয়ান্ট কাটের হীরা। এর নকশা করেছেন ভেনেজুয়েলার গয়না ডিজাইনার জর্জ উইটেলস। মুকুট তৈরিতে সহযোগিতা করেছে প্যারিসের বিলাসবহুল গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ’অর। মুকুটটির পেছনের অংশে ৭৫ সংখ্যাটি ফুটিয়ে তোলা হয়েছে।

বিশেষ তিনটি হীরার তাৎপর্য

মুকুটের সামনের অংশে থাকা তিনটি বিশেষ হীরা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক। বাঁ দিকের হীরাটি অতীতের প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে যেসব নারী নানা বাধা পেরিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের সম্মান জানাতেই এটি রাখা হয়েছে।

ডান দিকের হীরাটি বর্তমানের প্রতীক। নেতৃত্ব, সামাজিক উদ্যোগ ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের প্রতিনিধিত্ব করছে এটি। অন্যদিকে, কেন্দ্রের সবচেয়ে বড় হীরাটি ভবিষ্যতের প্রতীক হিসেবে রাখা হয়েছে। আগামী প্রজন্মের নারীরা মিস ইউনিভার্সের ঐতিহ্যকে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশাই তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।

মুকুট কি বিজয়ীর নিজের হয়?

মিস ইউনিভার্সের ইতিহাসে এ পর্যন্ত বিভিন্ন সময়ে মুকুটের ১৪টি নকশা ব্যবহার করা হয়েছে। ১৯৫২ সালে প্রথম আসরে ফিনল্যান্ডের আরমি কুসেলা পরেছিলেন ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। এতে ছিল ১ হাজার ৫২৯টি হীরা। আলোচিত আরেকটি মুকুট ‘মিকিমোটো ফিনিক্স ক্রাউন’-এ ছিল ৫০০টি হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা।

সাধারণত বিজয়ী এক বছর মুকুটটি ব্যবহারের সুযোগ পান। বিভিন্ন দেশ সফর, ফটোশুট, আনুষ্ঠানিক অনুষ্ঠান ও দাতব্য কার্যক্রমে এটি পরেন তিনি। তবে দায়িত্বের মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফেরত দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্মারক হিসেবে মুকুটের প্রতিরূপ দেওয়া হয় বিজয়ীকে।

কোটি টাকার আর্থিক সুবিধা ও মাসিক ভাতা

ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার বা প্রায় ৬২ লাখ ৩৮ হাজার টাকা পাওয়ার কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা এটিকে সরাসরি বেতন না বলে বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক তহবিল ও মাসিক আয় হিসেবে বর্ণনা করেছে। এই অর্থের পরিমাণ অবশ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

নিউইয়র্কে আবাসনসহ অন্যান্য সুবিধা

আর্থিক সুবিধার পাশাপাশি জেনিফারের জন্য নিউইয়র্ক সিটিতে একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হতে পারে। হোলা-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানভাড়া, হোটেল ও বিভিন্ন দেশে যাতায়াতের খরচও বহন করবে আয়োজক সংস্থা।

এ ছাড়া ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, চুলের যত্নের বিশেষজ্ঞ এবং ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নের পরামর্শক পাবেন তিনি। পাশাপাশি পুষ্টিবিষয়ক পরামর্শ ও মানসিক স্বাস্থ্য সহায়তার সুযোগও থাকবে। এসব সুবিধার মূল উদ্দেশ্য হলো দায়িত্ব পালনের সময় তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া।

এক বছরের দায়িত্বে যা করবেন জেনিফার

মিস ইউনিভার্সের প্রধান দূত হিসেবে এক বছর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন জেনিফার। গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেওয়া, দাতব্য কার্যক্রম পরিচালনা এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত থাকা তাঁর দায়িত্বের অংশ।

এক বছরের মেয়াদ শেষে পরবর্তী আসরে মঞ্চে ফিরে নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি। এভাবেই শুধু একটি মুকুট নয়, আন্তর্জাতিক পরিচিতি, আর্থিক সুবিধা ও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় শুরু হবে জেনিফারের জীবনে।