‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় এসেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর বিশেষ কনসার্ট। আন্তর্জাতিক পপসংগীতের পরিবেশনার পাশাপাশি আয়োজনে থাকছে দেশীয় গানের আয়োজনও। একই মঞ্চে ওটিলিয়ার সঙ্গে পারফর্ম করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতেই ঢাকায় এসেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
ঢাকায় এসে ভক্তদের বার্তা ওটিলিয়ার
ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’
ওটিলিয়ার এই বার্তায় ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করার আগ্রহ ও আনন্দ প্রকাশ পেয়েছে।
একই মঞ্চে ওটিলিয়া ও ফুয়াদ
কনসার্টে নিজের পরিবেশনার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদিরও। ফলে আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দর্শকেরা উপভোগ করতে পারবেন দেশীয় সংগীতের পরিবেশনাও।
আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয় গান এবং ফুয়াদ ও তাঁর ব্যান্ডের পরিবেশনা মিলিয়ে দর্শকদের জন্য তৈরি হবে উপভোগ্য এক সংগীতসন্ধ্যা।
কখন ও কোথায় হবে কনসার্ট?
আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ কনসার্ট। আগ্রহীরা অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন।
এর আগে ২০২২ সালেও বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। আবারও তাঁর ঢাকায় আগমন এবং কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘বিলিওনেরা’ গানেই বিশ্বজুড়ে পরিচিতি
২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে জনপ্রিয়তা অর্জন করে। এসব দেশের সংগীত চার্টের শীর্ষস্থানেও জায়গা করে নেয় গানটি।
এরপর থেকেই ‘বিলিওনেরা’ গানটি ওটিলিয়ার পরিচয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে। জনপ্রিয় এই গানসহ তাঁর পরিবেশনা উপভোগের অপেক্ষায় রয়েছেন ঢাকার সংগীতপ্রেমীরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন