নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

উপজেলায় একটি বাঁশঝাড় থেকে সিয়াম হোসেন (২০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে মরানদীর মরাঘাট সংলগ্ন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত সিয়াম হোসেন মান্দা উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খাওয়ার পর ভ্যান নিয়ে বের হন সিয়াম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে মরানদীর মরাঘাটের সামনে একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।