হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে গাড়িটি আটকে রাখার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিশেষ করে গুলশান থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি আটকে রাখার আইনগত ভিত্তি লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এই আইনি নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি গাড়িটি আটকে রাখার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন একটি ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬। গত ২৯ অক্টোবর করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটটির নম্বর ১৬৮৯৯/২০২৬। আবেদনে গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সেটি ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। পরবর্তী সময়ে বিষয়টি আদালতের নজরে এলে গাড়িটি আটকে রাখার আইনগত ভিত্তি ব্যাখ্যা করার নির্দেশনা আসে।

গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা নিয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

আইনি নোটিশে আরও বলা হয়েছে, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তবে রিট আবেদনকারীর অভিযোগ, আদালতের নির্দেশ ও আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি। এ অবস্থায় আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগে আট কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে গাড়িটি আটকে রাখার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্র ধরে গাড়িটি আটক রাখা হয়েছে, তা বিস্তারিত জানাতে বলা হয়েছে। পাশাপাশি কোন আইনের সুনির্দিষ্ট ধারা, উপধারা বা বিধি অনুসারে গাড়িটি আটক রাখা হয়েছে, সেটিও লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে সেই মামলার পূর্ণাঙ্গ বিবরণ ও প্রাসঙ্গিক নথিপত্র সরবরাহের দাবি জানানো হয়েছে। গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে এসব তথ্য ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নোটিশে সতর্ক করা হয়েছে, আদালতের নির্দেশিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ শাস্তির নির্দেশনা চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।