দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার বা টিএফআরে সবচেয়ে এগিয়ে রয়েছে ভোলা। জেলাটিতে এই হার ৩ দশমিক ৫০। বিপরীতে, সবচেয়ে কম প্রজনন হার রেকর্ড করা হয়েছে বাগেরহাটে, যেখানে টিএফআর মাত্র ১ দশমিক ৫০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপে উঠে এসেছে এমন চিত্র।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে জেলাভিত্তিক এসব তথ্য তুলে ধরা হয়েছে। ৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলার প্রজনন হার, বাল্যবিবাহসহ নানা সামাজিক সূচকের চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে বাংলাদেশের মোট প্রজনন হার ২ দশমিক ৪০। তবে জেলাভেদে এই সূচকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
ভোলার পর সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুরে, ৩ দশমিক ৩০। নোয়াখালীতে এই হার ৩ দশমিক ০০। এ ছাড়া লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশাল জেলায় প্রজনন হার ২ দশমিক ৯০ করে।
অন্যদিকে, তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় টিএফআর ১ দশমিক ৭০। তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা বাগেরহাটে এই হার ১ দশমিক ৫০।
বিভাগ অনুযায়ী হিসাবেও প্রজনন হারে শীর্ষে রয়েছে বরিশাল। এ বিভাগে টিএফআর ২ দশমিক ৬০। চট্টগ্রাম বিভাগে এই হার ২ দশমিক ৫০।
ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রজনন হার ২ দশমিক ৪০ করে। রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০ করে এবং খুলনায় ২ দশমিক ০০।
প্রজনন হারের পাশাপাশি বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভেদে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। ২০২৫ সালের জরিপে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হারে শীর্ষে রয়েছে জয়পুরহাট। জেলাটিতে এ বয়সী নারীদের ৫৭ দশমিক ৪ শতাংশ বর্তমানে বিবাহিত।
জয়পুরহাটের পর রয়েছে সাতক্ষীরা। সেখানে এই হার ৫৪ দশমিক ৮ শতাংশ। কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ।
বিবিএস ও ইউনিসেফের এই জরিপে প্রজনন হার এবং বাল্যবিবাহের ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন চিত্র উঠে এসেছে। জেলাভিত্তিক এসব তথ্য জনসংখ্যা ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন