রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা এবং মিয়ানমারের জবাবদিহি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি হবে রুদ্ধদ্বার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে যুক্তরাজ্যের মিশন। রোহিঙ্গা সংকটের পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
গত ১৯ নভেম্বর রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিষয়ে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। ওই দিনই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।
এরপর ২৩ নভেম্বর মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লন্ডন। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথাও জানায় দেশটি।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের উদ্যোগ শুধু যুক্তরাজ্যের পক্ষ থেকেই আসেনি। ইউরোপের আরেক দেশ ফ্রান্সও এ বিষয়ে বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছিল।
এদিকে, ডিসেম্বর মাসেও এ বিষয়ে আরেকটি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। দেশটির লক্ষ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং মিয়ানমারের চলমান মানবিক সংকটের অবসানে আন্তর্জাতিক চাপ জোরদার করা।
রোহিঙ্গা সংকটের সমাধান ও ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়, সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন