২৫ কোটি পাকিস্তানির স্বপ্ন ও প্রত্যাশা সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছেন দেশটির প্রথম কক্ষপথযাত্রী জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে যাত্রা করেন ৪০ বছর বয়সী এই নভোচারী। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হওয়ার পথে নতুন ইতিহাস গড়লেন তিনি। খবর রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের।
চীনের লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে শেনঝৌ-২৪। উৎক্ষেপণের কিছুক্ষণ পর মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছায়।
উৎক্ষেপণের পর জিউকুয়ান কেন্দ্রের এক কর্মকর্তা জানান, মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে। তিনি অভিযানটিকে সম্পূর্ণ সফল ঘোষণা করেন। উৎক্ষেপণের আগে তিন নভোচারীকে বিদায় জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তারা মহাকাশযানের ক্যাপসুলে প্রবেশ করেন।
মিশনে জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাং হংবো মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং জিশান আলী পেলোড স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন।
চীনে অবস্থানরত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নভোচারীদের বিদায় অনুষ্ঠান ও উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, জিশান আলীকে নিয়ে শেনঝৌ-২৪-এর যাত্রা শুরুর মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে নতুন যুগের সূচনা হয়েছে।
আহসান ইকবাল আরও বলেন, পাকিস্তানের পতাকার সঙ্গে মহাকাশে উড়েছে দেশটির ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা। তার মতে, চীন-পাকিস্তান বন্ধুত্ব ও প্রযুক্তিগত সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছানোর ক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক সপ্তাহ মহাকাশে থাকবেন জিশান
শেনঝৌ-২৪-এর গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন। সেখানে পৌঁছে জিশান আলী হবেন স্টেশনটিতে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক। প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করে চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
চায়না ম্যানড স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী, এই অভিযানে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করা হবে। মহাকাশ স্টেশনের নিয়মিত পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং গবেষণার পাশাপাশি আগের অভিযানের নভোচারীদের সঙ্গে দায়িত্ব হস্তান্তরের কাজও থাকবে মিশনের অংশ।
জিশানের এই যাত্রা চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতারও গুরুত্বপূর্ণ অংশ। দুই দেশের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাকাশ গবেষণা ও নভোচারী প্রশিক্ষণ নিয়ে সহযোগিতা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় পাকিস্তানের দুই নাগরিককে চীনে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাদের একজন জিশান আলী, অন্যজন খুররম দাউদ। পরবর্তী সময়ে মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত হন জিশান।
‘২৫ কোটি মানুষের স্বপ্ন নিয়ে মহাকাশে যাচ্ছি’
মহাকাশযাত্রার আগে মঙ্গলবার চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন জিশান আলী। এই স্বপ্ন পূরণে সহযোগিতার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জিশান বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নে চীনের সহযোগিতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেওয়ার সময় তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ২৫ কোটি পাকিস্তানির আশা ও প্রত্যাশা।
তার ভাষায়, এই অভিযান কোনো শেষ গন্তব্য নয়; বরং নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একাধিক যৌথ অভিযানের মাধ্যমে চাঁদ, মঙ্গলগ্রহ এবং এর বাইরেও পৌঁছানোর স্বপ্নের কথা জানান এই নভোচারী।
পাকিস্তানের জনগণের উদ্দেশে জিশান বলেন, তিনি নিজের জন্য মহাকাশে যাচ্ছেন না। তার কাঁধে রয়েছে দেশের নাম এবং ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা। মহাকাশ থেকে তাকে দেখবে যেসব শিশু, তাদের উদ্দেশে তিনি স্বপ্ন দেখার অনুপ্রেরণাও দিয়েছেন।
পরিবারের কথাও স্মরণ করেছেন জিশান। তিনি জানান, জীবনে এবারই সবচেয়ে বেশি সময়ের জন্য বাড়ি থেকে দূরে যাচ্ছেন। মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকানোর মুহূর্তে নিজের বাড়ির আলো খুঁজবেন বলেও আবেগঘন মন্তব্য করেন তিনি।
তিয়াংগংয়ে দীর্ঘ সময় থাকবেন চীনা নভোচারী
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিয়াংগং মহাকাশ স্টেশনের নামের অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’। ২০২২ সালের শেষ দিকে স্টেশনটির মূল নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর থেকে সেখানে নিয়মিত নভোচারীরা অবস্থান করছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছেন।
সাধারণত নতুন নভোচারী দল স্টেশনে পৌঁছালে আগের দলের সঙ্গে কিছু সময় অবস্থান করে দায়িত্ব বুঝে নেয়। তবে এবারের অভিযানে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে বিশেষ পরিকল্পনা। শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়াংগংয়ে থেকে যাবেন। দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণায় অংশ নেবেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, প্রায় এক বছর মহাকাশে অবস্থান করবেন ঝু ইয়াংঝু। এই সময়সীমা পূর্ণ হলে একটানা মহাকাশে অবস্থানের ক্ষেত্রে চীনা নভোচারীদের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারেন তিনি। দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে মানুষের শারীরিক সক্ষমতা ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি বুঝতে এই গবেষণা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জিশান আলীর এই অভিযান পাকিস্তানের মহাকাশ গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। একই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় চীনের তিয়াংগং স্টেশনের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও তৈরি করেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন