৩ হাজার ১৫০টি হীরায় ঝলমলে মুকুট, সম্ভাব্য বার্ষিক পারিশ্রমিক, নিউইয়র্কে বিলাসবহুল আবাসন, নামী ডিজাইনারদের পোশাক এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ। মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে একজন বিজয়ীর সামনে খুলে যায় নানা সম্ভাবনার দরজা। তবে এই খেতাবের সঙ্গে যেমন জড়িয়ে আছে জৌলুশ, তেমনি রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নানা দায়িত্ব পালনের বিষয়ও।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর উপলক্ষে এবার তৈরি হয়েছে বিশেষ একটি মুকুট। ১৮ ক্যারেট সাদা সোনায় তৈরি এই মুকুটে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর সামনের তিনটি বিশেষ হীরা প্রতীকীভাবে তুলে ধরছে প্রতিযোগিতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।

গত ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে মুকুটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। মুকুটের পাশাপাশি বিজয়ীর জন্য কী কী সুযোগ-সুবিধা থাকতে পারে, তা নিয়েও রয়েছে নানা আলোচনা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

৩ হাজার ১৫০ হীরায় তৈরি বিশেষ মুকুট

মিস ইউনিভার্সের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি নতুন মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। প্রতিযোগিতার ইতিহাসে এটি ১৪তম নকশার মুকুট। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি ব্রিলিয়ান্ট কাটের হীরা।

মুকুটটির নকশা করেছেন ভেনেজুয়েলার গয়না ডিজাইনার জর্জ উইটেলস। তাঁর সঙ্গে কাজ করেছে প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ’অর। মুকুটের নকশায় ৭৫ বছরের ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি এর পেছনের অংশে ফুটিয়ে তোলা হয়েছে ৭৫ সংখ্যাটি।

মুকুটটির সবচেয়ে আকর্ষণীয় দিক সামনের তিনটি বিশেষ হীরা। আয়োজকদের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিটি হীরার রয়েছে আলাদা প্রতীকী অর্থ। বাঁ পাশের হীরাটি মিস ইউনিভার্সের অতীতকে তুলে ধরে। প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে বাধা পেরিয়ে নিজেদের অবস্থান তৈরি করা নারীদের প্রতি এটি শ্রদ্ধার প্রতীক।

ডান পাশের হীরাটি বর্তমানের প্রতিনিধিত্ব করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা নারীদের সম্মান জানানো হয়েছে এর মাধ্যমে। আর মাঝখানের সবচেয়ে বড় হীরাটি ভবিষ্যতের প্রতীক। আগামী দিনে যেসব নারী মিস ইউনিভার্সের ঐতিহ্যকে এগিয়ে নেবেন, তাঁদের উদ্দেশে এটি উৎসর্গ করা হয়েছে।

সময়ের সঙ্গে বদলেছে মিস ইউনিভার্সের মুকুট

১৯৫২ সালে অনুষ্ঠিত প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনল্যান্ডের আরমি কুসেলাকে পরানো হয়েছিল ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। পরবর্তী সময়ে প্রতিযোগিতার বিভিন্ন আসরে মুকুটের নকশা ও উপকরণে এসেছে পরিবর্তন।

আলোচিত মুকুটগুলোর মধ্যে রয়েছে ‘মিকিমোটো ফিনিক্স ক্রাউন’। এতে ব্যবহার করা হয়েছিল ৫০০টি হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা।

অন্যদিকে, ২০২৪ ও ২০২৫ সালের আসরে বিজয়ীদের মাথায় শোভা পেয়েছিল ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ মুকুট। ফিলিপাইনের গয়না নির্মাতা প্রতিষ্ঠান জুয়েলমারের তৈরি এই মুকুটে সোনা, প্লাটিনাম ও হীরার পাশাপাশি ছিল ২৩টি সোনালি সাউথ সি মুক্তা।

মুকুট কি বিজয়ী নিজের কাছে রাখতে পারেন?

মিস ইউনিভার্সের মুকুট দেখলে অনেকের মনেই প্রশ্ন জাগে, বিজয়ী কি এটি নিজের কাছে রাখতে পারেন? সাধারণত তা নয়। দায়িত্ব পালনের এক বছর বিভিন্ন আনুষ্ঠানিকতা, ফটোশুট, আন্তর্জাতিক সফর ও বিশেষ আয়োজনে মুকুটটি ব্যবহার করেন বিজয়ী। মেয়াদ শেষ হলে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফিরিয়ে দিতে হয়।

কিছু ক্ষেত্রে স্মারক হিসেবে বিজয়ীকে মুকুটের প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হতে পারে। তবে মূল মুকুটটি প্রতিযোগিতার ঐতিহ্য ও আয়োজকদের সম্পদ হিসেবেই সংরক্ষিত থাকে।

বছরে প্রায় ৩ কোটি টাকার পারিশ্রমিকের তথ্য

মিস ইউনিভার্স বিজয়ীর আর্থিক সুবিধা নিয়ে আয়োজকরা সাধারণত বিস্তারিত তথ্য প্রকাশ করেন না। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ছাড়া দায়িত্ব পালনের বিভিন্ন ব্যয় মেটাতে মাসে ৫০ হাজার ডলারের বরাদ্দ থাকার কথাও জানিয়েছে কিছু সংবাদমাধ্যম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬২ লাখ ৩৮ হাজার টাকা।

তবে এই বরাদ্দকে বিজয়ীর ব্যক্তিগত আয় হিসেবে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক সফর, সাক্ষাৎকার, বিভিন্ন অনুষ্ঠান ও অন্যান্য আনুষ্ঠানিক দায়িত্ব পালনের খরচও এর আওতায় থাকতে পারে। আর্থিক সুবিধার এসব অঙ্ক মিস ইউনিভার্স অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তাই এগুলোকে নিশ্চিত পারিশ্রমিক না বলে সংবাদমাধ্যমে প্রকাশিত আনুমানিক হিসাব হিসেবে বিবেচনা করা উচিত।

নিউইয়র্কে বিলাসবহুল আবাসনের সুযোগ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব পালনের সময় বিজয়ীর জন্য নিউইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যবস্থা থাকতে পারে। সেখান থেকেই তিনি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং নির্ধারিত দায়িত্ব পালন করেন।

পোশাক, সৌন্দর্যচর্চা ও বিশ্বভ্রমণ

এক বছরের দায়িত্ব পালনের সময় বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের তৈরি পোশাক, গয়না ও বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ ব্যবহারের সুযোগ পান বিজয়ী। পাশাপাশি মেকআপ, চুলের সাজ ও সৌন্দর্যচর্চার জন্য পেশাদার বিশেষজ্ঞদের সহায়তাও পেতে পারেন। বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রসাধনী ও সৌন্দর্যচর্চার পণ্য সরবরাহের ব্যবস্থাও থাকে।

মিস ইউনিভার্স হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ সফরের সুযোগও তৈরি হয়। তবে এসব সফর কেবল ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেওয়া, দাতব্য কার্যক্রমে যুক্ত হওয়া এবং সচেতনতামূলক প্রচারণায় অংশ নেওয়ার মতো দায়িত্বও পালন করতে হয় তাঁকে।

এ ছাড়া ফ্যাশন শো, বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও আয়োজনে অংশ নিয়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেন বিজয়ী।

আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজের সম্ভাবনা

মিস ইউনিভার্সের খেতাব একজন বিজয়ীর পেশাগত জীবনেও নতুন সুযোগ তৈরি করতে পারে। আন্তর্জাতিক ফ্যাশন, প্রসাধনী ও লাইফস্টাইল ব্র্যান্ডের বিজ্ঞাপন, ফটোশুট কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের সম্ভাবনা তৈরি হয়।

এর উদাহরণ হিসেবে গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশের কথা বলা যায়। তিনি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড গেসের প্রচারণায় যুক্ত হয়েছেন।

এক বছরের আনুষ্ঠানিক দায়িত্ব শেষ হলেও মিস ইউনিভার্সের পরিচিতি ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে বিনোদন, ফ্যাশন, মডেলিং কিংবা সামাজিক উদ্যোগে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে। ফলে মুকুটটি শুধু সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ের স্মারক নয়, অনেকের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন পথচলারও সূচনা।