সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির স্কুলজীবনের একটি মার্কশিট। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তাঁর এই নম্বরপত্র প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে গণিতসহ বিভিন্ন বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, গণিতে ১০ নম্বরের মধ্যে ৬ পেয়েছিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

জানা গেছে, ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়াশোনা করতেন মেসি। সেখানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর এই নম্বরপত্র তৈরি হয়েছিল। তবে এটি ঠিক কোন পরীক্ষার মার্কশিট, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে নম্বরপত্রের ছবিটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মেসির স্কুলজীবনের এই মার্কশিট সামনে আসার পর তাঁর পড়াশোনার ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নম্বরপত্রে দেখা যায়, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ নম্বর। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।

এ ছাড়া ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে ৭ নম্বর পেয়েছিলেন মেসি। অর্থাৎ খেলাধুলার মতো শারীরিক শিক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও অন্যান্য বিষয়ে তাঁর ফলাফল ছিল মোটামুটি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। পড়াশোনার পাশাপাশি দিনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে ব্যস্ত থাকতেন তিনি।

মেসির স্কুলের মার্কশিট
মেসির স্কুলের মার্কশিট l ছবি: সংগৃহীত

মেসির স্কুলজীবন নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নম্বরপত্রে তাঁর পড়াশোনার ফলাফল গড়পড়তা হলেও শিক্ষকেরা খেলাধুলার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে তাঁর বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর অসাধারণ আগ্রহ ছিল, যা পরবর্তী সময়ে বিশ্বমঞ্চে তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মেসি ছিলেন অত্যন্ত শান্ত ও লাজুক স্বভাবের। ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না তিনি। তবে খেলার মাঠে গেলেই বদলে যেতেন তাঁর আচরণ। সেখানে ফুটবল খেলতে নামলে অন্য এক মেসিকে দেখা যেত।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, মেসি ক্লাসে খুব শান্ত থাকতেন এবং লাজুক হওয়ার কারণে তেমন অংশগ্রহণ করতেন না। কিন্তু ফুটবল খেলার সময় পুরোপুরি বদলে যেতেন তিনি। তখনই দেখা মিলত সেই লিওর, যাকে আজ পুরো বিশ্ব চেনে।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির শান্ত স্বভাব এবং ফুটবলের প্রতি ভালোবাসার কথা স্মরণ করেছেন। তাঁর মতে, মেসির অনেক বন্ধু ছিল এবং সবাই তাঁর সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে পৌঁছাতে পারে, তা নিয়ে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলত।

নিজের পড়াশোনার বিষয়ে মেসিও একাধিকবার অকপটে কথা বলেছেন। শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি জানিয়েছিলেন, কখনোই ভালো ছাত্র ছিলেন না। এমনকি বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন। পরবর্তী সময়ে বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়নি। বরং বন্ধুদের সঙ্গে মজা করেই স্কুলের দিনগুলো কাটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শৈশবের স্কুলের প্রতি এখনো ভালোবাসা রয়েছে মেসির

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করলেও শৈশবের স্কুলের কথা ভোলেননি মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে ইউরোপীয় ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন এই কিংবদন্তি।

তারকা হওয়ার পরও একাধিকবার রোজারিওর লাস হেরাস স্কুলে গিয়েছেন মেসি। স্কুলটির উন্নয়নে বিভিন্ন অনুদানও দিয়েছেন। তাঁর সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। পাশাপাশি স্কুলের খেলার মাঠের বেঞ্চগুলোও সংস্কার করা সম্ভব হয়েছে।

রোজারিওর লাস হেরাস এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানেই কেটেছে মেসির শৈশবের গুরুত্বপূর্ণ সময়। সম্প্রতি স্কুলে তাঁর পড়াশোনার সময়কার পুরোনো নিউজলেটার আবার প্রকাশিত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। এর মধ্যেই ভাইরাল হয়েছে তাঁর মার্কশিট। তবে ব্যক্তিগত এই নম্বরপত্রের ছবি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা এখনো অজানা।