বাংলাদেশ ক্রিকেট দলের গতি তারকা নাহিদ রানার জন্য আবারও দুঃসংবাদ এসেছে। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই পেসার এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তার খেলা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে জাতীয় দলে প্রত্যাবর্তনও। অন্যদিকে টানা খেলার ধকল সামলাতে অন্তত এক থেকে দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

সাইডস্ট্রেইনের চোটের পর হিপ জয়েন্টের ব্যথায় বেশ কিছুদিন ভুগেছেন নাহিদ রানা। এ কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় শুরু করেছিলেন পুরোদমে বোলিং অনুশীলন। মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে তার মাঠে ফেরার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে অসুস্থতা সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি নাহিদকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিবেচনায় রাখার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু জ্বর থেকে সুস্থ না হওয়ায় ডেঙ্গু পরীক্ষা করানো হয় এই পেসারের। পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নাহিদকে আবারও বিশ্রামে থাকতে হচ্ছে। অন্তত এক থেকে দুই সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রেখে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হতে পারে। এই সময়ে বোলিং অনুশীলন করতে পারবেন না বাংলাদেশের এই গতিতারকা। ফলে তার পুনর্বাসন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে পুরোপুরি ফিট হয়ে ওঠার প্রস্তুতি।

নাহিদের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কারণ, দীর্ঘ সময় বোলিংয়ের বাইরে থাকলে ফিটনেস ও বোলিংয়ের ছন্দ ফিরে পেতে বাড়তি সময় প্রয়োজন হতে পারে। অন্যদিকে চোট থেকে ফেরার পর অতিরিক্ত বোলিংয়ের ধকলও তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সব দিক বিবেচনায় আপাতত তাকে পর্যবেক্ষণে রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এদিকে নাহিদ রানার মতো দুঃসংবাদ রয়েছে হাসান মাহমুদকে নিয়েও। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে এই ডানহাতি পেসারকে দীর্ঘ সময়ের জন্য বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে মেডিক্যাল বিভাগের আশঙ্কা, বিশ্রামের সময় আরও বাড়তে পারে।

হাসানের কনুইয়ের চোট আগে থেকেই ভোগাচ্ছিল তাকে। এর সঙ্গে যোগ হয়েছে টানা ম্যাচ খেলার শারীরিক ধকল। এ কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তার সুস্থতা ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়াকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে সামনের আন্তর্জাতিক সূচি বিবেচনায় বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির জায়গা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক সূচি নেই। জানুয়ারিতে ভারতীয় দলের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। ওই সময়ের জন্য এখনো বিকল্প সূচি খুঁজে পায়নি বিসিবি। ফলে এই বিরতিতে নাহিদ রানা ও হাসান মাহমুদকে পুরোপুরি সুস্থ করে ফেরানোর সুযোগ পাবে বাংলাদেশ দল।