রঙিন ডানার প্রজাপতি, ফুলের গাছ আর শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোথাও জালের ঘেরের ভেতর উড়ছে নানা প্রজাতির প্রজাপতি, কোথাও আবার সেগুলোর ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। আনন্দের এই আয়োজনের মধ্যেই উঠে এসেছে উদ্বেগের তথ্য- গত দেড় দশকে বিশ্ববিদ্যালয় এলাকায় কমেছে প্রজাপতির প্রজাতির সংখ্যা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বসেছে ১৬তম প্রজাপতি মেলা। প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এবারের মেলার স্লোগান ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।

মেলার বিশেষ আকর্ষণ সাদা জালে ঘেরা প্রজাপতির ঘর। সেখানে টবে লাগানো গাঁদা ফুলের গাছের আশপাশে উড়ছে মিঞ্জি, বিন্তি, চিতা, কেশবতীসহ বিভিন্ন নামের প্রজাপতি। তাদের খাবারের জন্য রাখা হয়েছে কমলালেবুও। রঙিন ডানার নকশা আর উড়াউড়ি দেখতে ঘিরে ধরেছেন নানা বয়সী মানুষ। তবে শিশু-কিশোরদের আগ্রহই চোখে পড়ার মতো।

সাভারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শরিফুল হাসান তাঁর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন মেলায়। প্রজাপতি দেখে শিশুটির আনন্দের কমতি নেই। একটি হলুদ প্রজাপতি ধরার চেষ্টা করেও সফল হয়নি সে। তার ভাষায়, অনেক প্রজাপতি দেখেছে, কিন্তু ধরতে যাওয়ার আগেই হলুদ প্রজাপতিটি উড়ে গেছে।

জাহাঙ্গীরনগর প্রজাপতি মেলা
জাহাঙ্গীরনগর প্রজাপতি মেলা

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামাঞ্জা মৌনিও বান্ধবীদের সঙ্গে মেলায় এসেছেন। গালে প্রজাপতির ছবি এঁকে তিনি বলেন, প্রতিবছর এই আয়োজন আরও সুন্দর হচ্ছে। গানবাজনা ও উৎসবমুখর পরিবেশের কারণে মেলাটি তাঁর ভালো লাগে।

শিশুশ্রেণির শিক্ষার্থী ইলিয়ানার সাজেও ছিল প্রজাপতির ছোঁয়া। পোশাকে ডানার নকশা আর গালে আঁকা প্রজাপতির ছবি দেখিয়ে সে জানায়, মেলায় এসে তার খুব ভালো লাগছে।

প্রজাপতি দেখা ছাড়াও প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার নানা সুযোগ রাখা হয়েছে মেলায়। শিশু-কিশোরদের জন্য রয়েছে ছবি আঁকা, কুইজ, প্রজাপতি চেনা এবং আলোকচিত্র প্রতিযোগিতা। এ ছাড়া প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, আলোকচিত্র প্রদর্শনী ও পাপেট শোর আয়োজন করা হয়েছে।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে গাছের সঙ্গে ঝুলিয়ে প্রদর্শন করা হয়েছে প্রজাপতিবিষয়ক আলোকচিত্র। খোলা আকাশের নিচে সাজানো এসব ছবি ঘুরে দেখেছেন দর্শনার্থীরা।

প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগিরা সাত্তার মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে। তাঁর মতে, শিশুরা বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখার সুযোগ পাচ্ছে, পাশাপাশি বড়রাও তাদের সঙ্গে এসে জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারছেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রকৃতির সংযোগ তৈরি করাই মেলার অন্যতম উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম এবারের মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিও তুলে ধরতে চান তাঁরা। উন্নয়ন প্রয়োজন, তবে তা হতে হবে পরিকল্পিতভাবে।

প্রজাপতির রঙিন উপস্থিতি দর্শনার্থীদের মুগ্ধ করলেও বিশ্ববিদ্যালয় এলাকার প্রজাতির সংখ্যা কমে যাওয়ার তথ্য ভাবিয়ে তুলছে গবেষকদের। ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ১১০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ২০১৩ সালে সেই সংখ্যা ছিল প্রায় ১০০। আর ২০২৩ সালের এক গবেষণা জরিপে পাওয়া যায় প্রায় ৭০ প্রজাতি।

গবেষকদের ধারণা, পরিবেশদূষণ ও প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হওয়ার কারণে এ সংখ্যা কমছে। বিশেষ করে ঝোপঝাড় ও বড় গাছ প্রজাপতির টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এসব জায়গা হারিয়ে গেলে প্রজাপতির খাবার ও বংশবিস্তারের পরিবেশও সংকুচিত হয়।

মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থী ও শিশুদের লক্ষ্য করেই তাঁরা এ আয়োজন করেন। এর মাধ্যমে মানুষ যেন প্রজাপতির আবাসস্থল এবং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গাছপালা সম্পর্কে জানতে পারে, সেটিই তাঁদের প্রত্যাশা। পাশাপাশি সুন্দরবনের মতো দেশের বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও মানুষের আগ্রহ বাড়াতে চান তাঁরা।

নগরায়ণ ও উন্নয়নের সঙ্গে প্রকৃতির একধরনের বিরোধ তৈরি হতে পারে উল্লেখ করে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, উন্নয়ন চলবে, তবে প্রকৃতি ও বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থানের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরিকল্পিত নগরায়ণ এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর মেলার আয়োজন করে আসছে। আয়োজকদের প্রত্যাশা, উৎসবের আনন্দের পাশাপাশি এ আয়োজন মানুষকে প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।