বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই রাজধানীতে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। উদ্বোধনী কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিজয়ের মাসের কর্মসূচি চূড়ান্ত করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করছেন তারা। কর্মসূচি সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গেও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি আগামী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। এমন বক্তব্যের জন্য ওই ব্যক্তির প্রতি ধিক্কার জানান তিনি। রিজভী বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের অহংকার। দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশ দেশে কৃত্রিম সংকট ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তার দাবি, বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা, বিভিন্ন স্থাপনা এবং হাসপাতালেও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের হত্যার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, দীর্ঘ ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগ বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তবে সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সরকারের এই ভূমিকা দেশে ও বিদেশে প্রশংসিত হচ্ছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকার গণতান্ত্রিক আচরণ করবে এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নেবে। অতীতের মতো কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান কিংবা প্রত্যাবর্তন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে কোনো অস্থিরতা দেখছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ গণহত্যার মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দলটি এখন অপ্রাসঙ্গিক ও অপাঙক্তেয়। সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে দলটির সমর্থক ও সাংগঠনিক অবস্থানও সংকটের মুখে পড়েছে বলে দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জুলাই জাতীয় সনদেও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার রয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও বিচার কার্যক্রম পরিচালিত হবে। আদালতের নির্দেশনা এবং আইনের বিধান অনুযায়ী দলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন