অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় প্রতিবাদ সভা করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় আলিফের সহকর্মীরা পৃথকভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
প্রতিবাদ সভায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্মরণে নগরীর কোতোয়ালি থানার মোড়ের নাম ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ করার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক।
দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর পার হলেও বিচার এখনো সম্পন্ন হয়নি। একজন তরুণ আইনজীবীর এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় নিহত আইনজীবীর আত্মার মাগফিরাত কামনা করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
একই সঙ্গে কোতোয়ালি থানার মোড়কে ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেন চসিক প্রশাসক।
মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি
সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান বলেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে, সে মাটি উর্বর হয়। শহীদ আলিফের রক্ত এই দেশ ও দেশের মানুষকে রক্ষা করেছে।
সীমান্তের ওপার থেকে খুনিরা এখনো উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানান তিনি।
আইনজীবী সমিতির নেতাদের বক্তব্য
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার।
সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে আইনজীবীরা সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন