নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় নামীয় ও অজ্ঞাত মিলে ১০৩জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬নভেম্বর) আতোয়ার রহমান নামে এক বিএনপি নেতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এর আগে বুধবার (২৫নভেম্বর) গভীর রাতে উপজেলার খাঁনপুকুর বাজারে কালীগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া একই রাতে গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেওয়া আগুনে পার্টি অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে গেছে।

রাণীনগর থানার পুলিশ বিএনপি অফিসে আগুনের ঘটনা তদন্ত করছে
আগুনের ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের আতোয়ার রহমান নামে এক বিএনপি নেতা বাদি হয়ে রাণীনগর থানায় ১০৩ জনের বিরদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বুধবার গভীর রাতেই অভিযান চালিয়ে রুহুল আমিন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার রুহুল আমিন ২ নাম্বার কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওই ইউনিয়নেনর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

জানতে চাইলে রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন বলেন, আমরা দেখেছি গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে। এবং মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আগুন দিচ্ছে। যার কারণে দেশে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হচ্ছে। আমরা উপজেলা বিএনপি সন্দেহ করছি তারই অংশ হিসেবে রাণীনগর উপজেলায় মানুষের মাঝে আতংক ও অস্থিতিশীর পরিবেশ সৃষ্টি করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীরা এই আগুন দিয়েছে। তবে যারাই আমাদের দলীয় পার্টি অফিসে আগুন দিক, পুলিশ যেন তদন্ত সাপেক্ষে দ্রুত তাদেরকে আইনেরর আওতায় নিয়ে আসতে পারে। সেই সাথে ভবিষ্যতে যেন এই উপজেলায় আগুন দেওয়ার ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারে ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

ওসি আরও জানান, গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে সেখানে তেমন কোনো ক্ষতি হয়নি।