নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর পোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নিতপুর মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নওগাঁ -১ আসনের এমপি মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন। নবনির্মিত ভবন উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে। নতুন ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।