শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার ওপর নির্ভরতা কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রস্তুতি ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হতে পারে। প্রতিটি প্রতিষ্ঠানে থাকবে ২০০টি শয্যা এবং আধুনিক চিকিৎসাসুবিধা।
খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় হাসপাতালগুলোর অবস্থান। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হাসপাতালগুলোর ভবন নির্মাণ শেষ হলেও চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এত দিন সেবা চালু করা যায়নি। এবার জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রস্তুতি এগিয়ে যাওয়ায় কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই অবকাঠামো তৈরি করা হয়েছে।
হাসপাতালগুলোর জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে।
পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন দেওয়া হয়েছে। চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য কর্মীর সমন্বয়ে এসব পদ পূরণের পরিকল্পনা রয়েছে।
অনুমোদিত পদগুলোর মধ্যে রয়েছে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ রাখা হয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাঁদের নাম ও কর্মস্থল উল্লেখ করা হয়।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন রাজশাহী শিশু হাসপাতালের ডা. মো. বেলাল হোসেন, বরিশালের ডা. মো. মজিবর রহমান, রংপুরের ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লার ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনার ডা. শওকত আলী। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যবহৃত অবস্থায় থাকা শিশু হাসপাতালগুলো চালুর বিষয়ে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ছয় বিভাগে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নিতে বলেন তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এরপর হাসপাতালগুলো চালুর প্রস্তুতি আরও জোরদার হয়। গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে পদ সৃষ্টি, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরের শিশুদের বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য রাজধানীতে যাওয়ার প্রয়োজন কমতে পারে। তবে হাসপাতালগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম কতটা দ্রুত চালু হবে, তা নির্ভর করবে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করার ওপর।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন