নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সুমন নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় সুমনকে আটক করে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।