শীত এলেই অনেকের সর্দি-কাশি ও জ্বরের সমস্যা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব উপসর্গ সাধারণ ভাইরাসজনিত সংক্রমণের কারণে হলেও কখনো কখনো তা নিউমোনিয়ারও সংকেত হতে পারে। বিশেষ করে কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

চিকিৎসকদের মতে, শুরুতেই নিউমোনিয়ার লক্ষণ শনাক্ত করে চিকিৎসা নেওয়া গেলে গুরুতর জটিলতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমানো সম্ভব। তাই শীতকালে দীর্ঘস্থায়ী কাশি কিংবা শ্বাসতন্ত্রের অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে সতর্ক থাকা জরুরি।

শীতে নিউমোনিয়ার ঝুঁকি কেন বাড়ে?

ভারতে প্রতিবছর কমিউনিটিতে সংক্রমিত নিউমোনিয়ার প্রায় ৪০ লাখ রোগী শনাক্ত হন, যা বিশ্বে এ ধরনের সংক্রমণের প্রায় এক-চতুর্থাংশ। এসব রোগীর প্রায় পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যেও নিউমোনিয়া ও সংশ্লিষ্ট শ্বাসতন্ত্রের সংক্রমণে প্রতিবছর এক লাখের বেশি শিশুর মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমসের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে বায়ুদূষণ, তাপমাত্রা কমে যাওয়া এবং ঘরের ভেতরে মানুষের বেশি সময় কাটানোর কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা শ্বাসনালিতে প্রদাহ তৈরি করে এবং ফুসফুসের জীবাণু দূর করার স্বাভাবিক ক্ষমতাকে দুর্বল করতে পারে।

আকাশ হেলথকেয়ারের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক চিকিৎসক অমিত বাজওয়ার মতে, তাপমাত্রা কমে গেলে মানুষ ঘরের ভেতরে বেশি সময় কাটান। পর্যাপ্ত বাতাস চলাচল না থাকলে ঘরের মধ্যে শ্বাসতন্ত্রের ভাইরাস সহজে ছড়িয়ে পড়তে পারে। ফলে ভাইরাসজনিত সংক্রমণ থেকে নিউমোনিয়া হওয়ার আশঙ্কাও তৈরি হয়।

কাশি কখন উদ্বেগের কারণ?

নিউমোনিয়ার শুরুতে সব সময় গুরুতর উপসর্গ দেখা যায় না। দীর্ঘস্থায়ী কাশি, হালকা জ্বর ও ক্লান্তিকে অনেকে আবহাওয়ার পরিবর্তনের স্বাভাবিক সমস্যা মনে করেন। ফলে চিকিৎসকের কাছে যেতে দেরি হয়।

অনেকে আদা চা, গরম পানির ভাপ কিংবা আগের অসুস্থতার জন্য রেখে দেওয়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এসবের ওপর নির্ভর করলে রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা শুরুতে দেরি হতে পারে।

সংক্রমণ বাড়তে থাকলে ফুসফুসের আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে। এতে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে। গুরুতর অবস্থায় রোগীকে অক্সিজেন দেওয়া কিংবা হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

নিউমোনিয়ার যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

কাশির পাশাপাশি নিচের উপসর্গগুলো দেখা দিলে নিউমোনিয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

  • জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হওয়া।

  • শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা অনুভব করা।

  • বিশ্রামের সময়ও দ্রুত শ্বাস নেওয়া।

  • দীর্ঘদিন কাশি ও অস্বাভাবিক ক্লান্তি থাকা।

বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি কিংবা ক্ষুধামন্দাও নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। অন্যদিকে, শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, খাবার খেতে না চাওয়া কিংবা শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া বিপদের সংকেত।

এসব লক্ষণ দেখা দিলে ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী বুকের এক্স-রে ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়।

যাঁদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি

শিশু, বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং ডায়াবেটিস, হাঁপানি কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউমোনিয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। অন্তঃসত্ত্বা নারীদেরও এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাঁদের শ্বাসতন্ত্রের সংক্রমণকে অবহেলা করা উচিত নয়। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ডায়াবেটিস কিংবা দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

নিউমোনিয়া প্রতিরোধে যা করবেন

নিউমোনিয়ার ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস মেনে চলা জরুরি।

১. প্রয়োজনীয় টিকা নিন: ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা গুরুতর সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য এসব টিকা গুরুত্বপূর্ণ। বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা নিতে হবে।

২. চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়: নিজের ইচ্ছায় বা আগের প্রেসক্রিপশন দেখে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ওষুধ প্রতিরোধী জীবাণুর ঝুঁকি বাড়তে পারে।

৩. বায়ুদূষণ থেকে সুরক্ষিত থাকুন: দূষণ বেশি থাকলে বাইরে যাওয়ার সময় ভালোভাবে মুখে বসে এমন এন৯৫ মাস্ক ব্যবহার করতে পারেন। দূষিত দিনে বাইরে ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের ভেতরে ধোঁয়া তৈরি হয় এমন কাজ কমানোও উপকারী।

৪. ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন: ঘরের জানালা খুলে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ তৈরি করুন। সম্ভব হলে শোবার ঘরে বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করা যেতে পারে।

৫. স্বাস্থ্যকর জীবনযাপন করুন: পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ধূমপান এড়িয়ে চলার অভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কাশিকে অবহেলা নয়

শীতকালে সব কাশিই নিউমোনিয়ার লক্ষণ নয়। তবে কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর কিংবা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়ার লক্ষণ দেখা দিলে দেরি করা উচিত নয়।

সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করাই নিউমোনিয়ার জটিলতা কমানোর গুরুত্বপূর্ণ উপায়। তাই দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক কাশিকে সাধারণ ঠান্ডা ভেবে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।