অভিনয়ের জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন শ্রদ্ধা কাপুর, তার প্রমাণ মিলেছে নতুন সিনেমা ‘ইথা’র প্রস্তুতিতে। পর্দায় চরিত্রকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে টানা ২৫ দিন কঠোর নাচের অনুশীলন করেছেন অভিনেত্রী। প্রতিদিন প্রায় আট ঘণ্টা ধরে চলেছে মহড়া। আর এই পুরো সময় দুই পায়ে পরেছিলেন মোট আট কেজি ওজনের ঘুঙুর।
সম্প্রতি পুণেতে সিনেমাটির গান ‘জি জি রে জি’ প্রকাশের অনুষ্ঠানে শ্রদ্ধার এই পরিশ্রমের কথা জানান পরিচালক লক্ষ্মণ উতেকর। তাঁর ভাষ্য, চরিত্রের প্রয়োজনে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবণী নৃত্য আয়ত্ত করতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন শ্রদ্ধা।
প্রতিদিন আট ঘণ্টা, দুই পায়ে আট কেজি ঘুঙুর
‘ইথা’ সিনেমায় মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা ও লাবণী শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। এই চরিত্রের জন্য তাঁকে নাচের ধরন, ছন্দ ও ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানতে হয়েছে।
পরিচালক লক্ষ্মণ উতেকর জানান, প্রতিটি গানের জন্য প্রায় ২৫ দিন অনুশীলন করেছেন শ্রদ্ধা। দুই পায়ে চার কেজি করে মোট আট কেজি ওজনের ঘুঙুর বেঁধে ঘণ্টার পর ঘণ্টা নাচের মহড়া দিয়েছেন তিনি। দীর্ঘ সময় ভারী ঘুঙুর পরে অনুশীলন করায় একপর্যায়ে অভিনেত্রীর পা ফুলে যেত।
তবু শারীরিক কষ্টের কারণে প্রস্তুতি থামাননি শ্রদ্ধা। বরং তামাশা ও লাবণী নৃত্যের গভীরতা বুঝতে নিজেকে পুরোপুরি এই শিল্পের সঙ্গে যুক্ত করেছিলেন।
শুটিংয়ের দ্বিতীয় দিনেই পেশিতে চোট
কঠোর অনুশীলনের পর শুটিং শুরু হলেও শুরুতেই বাধার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। পরিচালক জানান, গানের শুটিংয়ের প্রথম দিন ভালোভাবে কাটলেও দ্বিতীয় দিন পেশিতে চোট পান শ্রদ্ধা। ফলে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় শুটিং।
লক্ষ্মণ উতেকরের কথায়, শুটিং বন্ধ হয়ে যাওয়ার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন শ্রদ্ধাকে কাঁদতে দেখে। কারণ, চোটের কারণে কাজ চালিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সেটে ফিরতে চেয়েছিলেন।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে কাজে ফেরার জন্য প্রস্তুত হন শ্রদ্ধা। তাঁর এই নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ লক্ষ্মণ উতেকর। তিনি মনে করেন, ‘ইথা’ চরিত্রটির জন্য শ্রদ্ধার চেয়ে উপযুক্ত অভিনেত্রী আর কেউ হতেন না।
ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনের গল্প ‘ইথা’
‘ইথা’ একটি জীবনীভিত্তিক সংগীতনির্ভর নাট্যধর্মী সিনেমা। মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
সমাজের নানা বাধা পেরিয়ে নিজের শিল্পের মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন ভিতাবাই। তাঁর সংগ্রাম, শিল্পীজীবন ও সাফল্যের গল্পই এবার উঠে আসবে বড় পর্দায়।
শ্রদ্ধা কাপুর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী।
পরিচালক লক্ষ্মণ উতেকরের সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন