প্রথমবারের মতো কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য পেলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে তাঁর মাথায় ওঠে বিজয়ের মুকুট। এর মধ্য দিয়ে বিদায়ী বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশের স্থলাভিষিক্ত হলেন জেনিফার।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইনডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

জেনিফারের সাফল্যের পেছনের গল্পও বেশ ব্যতিক্রমী। আন্তর্জাতিক মঞ্চে আসার আগে তাঁর কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল না। এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটেন। এর মাত্র চার মাসের মধ্যে জয় করেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর জাতীয় শিরোপা।

সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্তেসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের মুকুট জেতেন তিনি। এরপর স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অভ্যর্থনা জানান। স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টাও করেন জেনিফার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁকে ভালোবেসে ‘লা বারেটো’ নামে ডাকেন।

বিশ্বসুন্দরীর খেতাবের সঙ্গে জেনিফার পেয়েছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের নকশায় তৈরি এই মুকুটে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়ের পর এল ভোসেরোকে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তিনি আগের সেই মানুষটি আর নেই। নতুন অভিজ্ঞতা অর্জন এবং সেসবের মধ্য দিয়ে নিজের পরিচয় ও অবদান রেখে যাওয়ার আগ্রহ থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।

সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও জেনিফারের রয়েছে ভিন্ন পরিচয়। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে তাঁর দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের কার্যক্রমেও যুক্ত।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো তাঁর অন্যতম আগ্রহের জায়গা। একই সঙ্গে মাতৃত্ব নারীদের স্বপ্ন পূরণে বাধা হওয়া উচিত নয় এমন ধারণার বিরুদ্ধেও কাজ করেন তিনি। জেনিফার বিবাহিত। তাঁর স্বামী জিন কার্লোস বারেটো এবং তাঁদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম পেনেলোপে।

পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার বেড়ে উঠেছেন ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়া এলাকায়। ভলিবলের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। নিজের বেড়ে ওঠার পেছনে দাদার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।

শৈশব থেকেই মায়ের সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখতেন জেনিফার। সেই আগ্রহ থেকেই একসময় প্রতিযোগিতার মঞ্চে আসার স্বপ্ন দেখেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আগে নিজের ওজন ৭০ পাউন্ড কমানোর কথাও জানিয়েছেন তিনি। প্রস্তুতির সময় খাবারের পরিকল্পনা এমনভাবে করেছিলেন, যাতে প্রতিযোগিতার শেষ দিকে পুয়ের্তো রিকোর জনপ্রিয় খাবার টোস্টোনেস ও চকলেট উপভোগ করতে পারেন।

জাতীয় পোশাক পর্বে তিনি পুয়ের্তো রিকোর ‘মরিভিভি’ নামের লজ্জাবতী উদ্ভিদ থেকে অনুপ্রাণিত পোশাক পরেন। চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়তে থাকলে মানুষের কোন মূল্যবোধটি ধরে রাখা সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ র‍বনি গ্যাব্রিয়েল।