কর্ণফুলী প্রতিনিধিঃ মো. রবিউল হোসেন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত দেশের অন্যতম কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে বিক্ষোভ হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল থেকে বড়উঠান দৌলতপুরে কেইপিজেডের মূল ফটকে এ বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার না দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে সকাল ১০টায় কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকেরা এসব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাঁদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

তাঁরা আরও জানান, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হচ্ছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।

চট্টগ্রামের কর্ণফুলী কেইপিজেডে স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের কর্ণফুলী কেইপিজেডে স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ

বিক্ষোভকারী আবু নাঈম জানান, ‘সকাল থেকেই আমাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। মূল দাবি ছিল দুটি—প্রতিষ্ঠানটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ করা এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকেরা সেখানে জড়ো হন।’

কেইপিজেড সূত্র জানায়, দুই দিন ধরে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ কর্মসূচি চলায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বুধবার বিক্ষোভকারী, কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিটের ওই বৈঠকে আন্দোলনকারীদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শোনেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাঁদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাঁদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

জানতে চাইলে কোরিয়ান ইপিজেডের সহকারী উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালানো হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, ‘দুই মাস আগে থেকেই কারখানা চালুর প্রস্তুতি হিসেবে নারী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে কর্মী খোঁজা হচ্ছে। কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এখন সবকিছু সমাধান হয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে সমঝোতা বৈঠকে উপস্থিত কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুওয়ানুল ইসলাম জানান, কেইপিজেডে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং চলমান আন্দোলন নিয়ে স্থানীয় চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘যেসব নারীর ঘরে বসে কাজ করার প্রয়োজন, কেইপিজেড কর্তৃপক্ষ তাঁদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ে চাকরির ব্যবস্থা করবে।’

ইউএনও আরও বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিন্তু কাজের অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য উপজেলা প্রশাসন ও কেইপিজেডের সমন্বয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের জীবনবৃত্তান্ত (সিভি) কেইপিজেডে সুপারিশ করা হবে এবং পদ খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।