মানসিক ক্লান্তি অনেক সময় অতিরিক্ত কাজের কারণে নয়, বরং অসমাপ্ত কাজের চিন্তা থেকেও তৈরি হয়। কম্পিউটারে একসঙ্গে অনেক ট্যাব খোলা রাখা, এক কাজ শেষ হওয়ার আগেই অন্য কাজ শুরু করা কিংবা ছুটির সময়ও অফিসের ইমেইল দেখা এসব অভ্যাস মস্তিষ্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, অসমাপ্ত কাজ মানুষের মনে বারবার ফিরে আসে এবং মনোযোগ নষ্ট করার পাশাপাশি মানসিক চাপ ও ঘুমের সমস্যার সঙ্গেও সম্পর্কিত হতে পারে। মনোবিজ্ঞানে এ বিষয়টি ‘জেইগারনিক প্রভাব’ নামে পরিচিত। ১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জেইগারনিকের গবেষণায় দেখা যায়, শেষ করতে না পারা বা মাঝপথে থেমে যাওয়া কাজ মানুষ সম্পন্ন করা কাজের তুলনায় বেশি মনে রাখতে পারে। প্রচলিত একটি বর্ণনা অনুযায়ী, তাঁর গবেষণার অনুপ্রেরণা ছিলেন মনোবিজ্ঞানী কার্ট লেভিনের পর্যবেক্ষণ-রেস্তোরাঁর ওয়েটাররা বিল পরিশোধের আগ পর্যন্ত বড় অর্ডারের তথ্য মনে রাখতে পারতেন, কিন্তু বিল মিটে গেলে তা ভুলে যেতেন।

জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সিরেকের মতে, মানুষের মধ্যে কাজ শেষ করার এবং মানসিকভাবে একটি সমাপ্তি পাওয়ার স্বাভাবিক প্রবণতা রয়েছে। অসমাপ্ত কাজের তথ্য মনে সক্রিয় থাকলে পরে কাজে ফিরে আসা সহজ হয়। তবে দিনের বা সপ্তাহের শেষে অনেক কাজ বাকি থাকলে তা মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত এবং কাজ নিয়ে বারবার চিন্তা করার প্রবণতা বাড়াতে পারে। এ চাপ কমানোর প্রথম উপায় হলো সময়ভিত্তিক লক্ষ্য নির্ধারণ। সব কাজ একদিনে শেষ করার চেষ্টা না করে কোন কাজ কখন শেষ করবেন, তা লিখে পরিকল্পনা করা জরুরি। দিনের শুরুতেই অগ্রাধিকার ঠিক করা এবং সম্ভাব্য বাধা সম্পর্কে ভেবে রাখা কাজে নিয়ন্ত্রণের অনুভূতি বাড়ায়। কাজের তালিকা লিখে রাখলে মস্তিষ্কও আশ্বস্ত হতে পারে যে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ার আশঙ্কা কম।

দ্বিতীয় কৌশল হলো কাজের সময়ের বাইরে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা। মোবাইলের ইমেইল, মেসেজিং অ্যাপ কিংবা অফিসের বারবার আসা বার্তা মানুষকে অবসরেও কাজের চিন্তায় আটকে রাখতে পারে। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ সায়েন্সের সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকো জানান, মানুষ কখনো কখনো ঘুমের মধ্যেও কাজের বিষয় নিয়ে ভাবতে থাকে। গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, অবসর সময়ে নিয়মিত ইমেইল দেখা কাজ ও পারিবারিক জীবনের মধ্যে দ্বন্দ্ব বাড়াতে পারে। তাই নির্দিষ্ট সময়ে ইমেইল দেখা, কাজ শুরুর আগে বা অফিস সময়ের মধ্যে বার্তার উত্তর দেওয়া এবং ছুটিতে কাজ থেকে দূরে থাকার অভ্যাস মানসিক স্বস্তি বাড়াতে সহায়ক হতে পারে।

তৃতীয়ত, সম্ভব হলে একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করার প্রবণতা কমাতে হবে। একটি কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় মস্তিষ্ককে নতুন তথ্য, নিয়ম ও লক্ষ্য নিয়ে কাজ করতে হয়। এতে কর্মস্মৃতির ওপর বাড়তি চাপ পড়ে। ওংচোকোর মতে, একটি কাজ শেষ করে তার সঙ্গে সম্পর্কিত তথ্য গুছিয়ে রাখলে মস্তিষ্কের কিছু মানসিক সম্পদ অন্য কাজে ব্যবহারের সুযোগ পায়। চতুর্থ কৌশল হলো ছুটি বা উৎসবের আগে কাজের সময়সীমা পরিকল্পনা করা। বড় ছুটির আগে সব কাজ শেষ করা সম্ভব না হলেও কোন কাজ কত দূর এগিয়েছে এবং ছুটির পর কোথা থেকে শুরু করতে হবে, তা লিখে রাখা উচিত। বড়দিনের ছুটির আগে ও পরে করা একটি গবেষণায় দেখা গেছে, যাঁদের অসমাপ্ত কাজ তুলনামূলক কম ছিল, ছুটি শেষে তাঁদের সুস্থতা ও ভালো থাকার অনুভূতি বেশি ছিল। তাই ছুটির আগে কাজ এমনভাবে গুছিয়ে রাখা দরকার, যাতে ফিরে এসে সহজে শুরু করা যায়।

পঞ্চম কৌশল হলো কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে স্পষ্ট পরিবর্তন তৈরি করতে ছোট ছোট অভ্যাস গড়ে তোলা। গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক অলিভার ওয়েইগেল্ট এ ধরনের অভ্যাসকে ‘ট্রানজিশন রিচুয়াল’ বা পরিবর্তনের রীতি হিসেবে ব্যাখ্যা করেছেন। যেমন অফিসের কাজ শেষে হাঁটতে বের হওয়া, পাশের দোকানে যাওয়া, অন্য ঘরে চলে যাওয়া কিংবা ল্যাপটপ বন্ধ করে অন্য জায়গায় রাখা। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওংচোকো ‘ডোরওয়ে ইফেক্ট’-এর প্রসঙ্গ তুলে বলেন, দরজা পেরিয়ে অন্য জায়গায় যাওয়ার সময় মস্তিষ্ক নতুন কাজের জন্য মানসিক জায়গা তৈরি করতে পারে। এতে কাজের চিন্তা থেকে দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে অসমাপ্ত কাজের চাপকে বড় পরিসরে দেখার চেষ্টা করলে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমতে পারে।

জেইগারনিক প্রভাবের পাশাপাশি ‘ওভসিয়ানকিনা প্রভাব’ও অসমাপ্ত কাজের সঙ্গে সম্পর্কিত। ১৯২৮ সালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, কাজ অসমাপ্ত থাকলে মানুষ অনেক সময় সেটিতে ফিরে যেতে আগ্রহী হয়, কারণ কাজটি শেষ করার তাগিদ অনুভূত হয়। অর্থাৎ অসমাপ্ত কাজ একদিকে যেমন মানসিক চাপ তৈরি করতে পারে, অন্যদিকে তা কাজ শেষ করার প্রেরণাও জোগাতে পারে। তাই কাজের তালিকা তৈরি, নির্দিষ্ট সময় নির্ধারণ, নোটিফিকেশন নিয়ন্ত্রণ, একসঙ্গে কম কাজ করা এবং কাজ শেষে ছোট পরিবর্তনের অভ্যাস-এই পাঁচ কৌশল মানসিক ক্লান্তি কমাতে সহায়ক হতে পারে। লক্ষ্য সব কাজ একদিনে শেষ করা নয়; বরং কাজ কোথায় থেমেছে তা পরিষ্কারভাবে জেনে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া।