ভারতের তিরুমালা মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে তিনি এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার দান করেন। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ দান হিসেবে বিবেচনা করা হচ্ছে। দান করা অলংকারগুলোর মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুর অলংকারসহ মোট ৪৬ ধরনের বিশেষভাবে তৈরি গয়না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এসব স্বর্ণালংকার তুলে দেন বর্ধমান ও রাধিকা জৈন দম্পতি। অলংকারগুলোর কয়েকটিতে মূল্যবান হীরাও বসানো হয়েছে। ঐতিহ্যবাহী নকশায় তৈরি এসব গয়না মন্দিরের ধর্মীয় ও আনুষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

তবে ১২১ কেজি সোনা দান করেই প্রথমবার আলোচনায় আসেননি বর্ধমান জৈন। তিনি মূলত একজন সফল আন্তর্জাতিক উদ্যোক্তা হিসেবে পরিচিত। স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সম্পৃক্ততা।

বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। পাশাপাশি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে অ্যাকসেস হেলথকেয়ার আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত করেছে।

চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন বর্ধমান। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা খাতের বিল তৈরি ও বিমা দাবির ব্যবস্থাপনা নিয়ে কাজ করত।

২০০৩ সালে পেরট সিস্টেমস ভিশন হেলথসোর্স অধিগ্রহণ করে। পরবর্তী সময়ে ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে অধিগ্রহণ করলে বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিপিও কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হন। এ সময় তার দায়িত্বে ছিল ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম। প্রায় ৯ হাজার কর্মীও তার অধীনে কাজ করতেন।

পরবর্তী সময়ে নিজের উদ্যোগে অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন বর্ধমান। স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সহজ করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কাজের গতি ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।

২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। চুক্তিতে প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলারের মধ্যে।

ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় বর্ধমান জৈন। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার, ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগও গড়ে তুলেছেন।

এ ছাড়া চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গেও যুক্ত রয়েছেন বর্ধমান। শিশুদের স্বাস্থ্যসেবার উন্নয়নেও অবদান রাখছেন তিনি। তিরুমালা মন্দিরের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। এর আগেও মন্দির ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রমে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ অনুদান দিয়েছেন এই উদ্যোক্তা।

এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাদ্য তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি অনুদান দেন তিনি। এ ছাড়া মন্দিরের ভেতরে যাতায়াতের সুবিধার্থে বৈদ্যুতিক বাসও দান করেছেন বর্ধমান জৈন। সব মিলিয়ে তার সর্বশেষ ১২১ কেজি স্বর্ণালংকার দান আবারও আলোচনায় এনেছে এই উদ্যোক্তাকে।