চলতি নভেম্বর মাসের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। একই সময়ে শিশু ও তরুণদের ওপর হামলার পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকট আরও তীব্র হয়েছে। যুদ্ধবিরতি চললেও ভূখণ্ডটিতে হামলা অব্যাহত থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীরা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনাকে গাজায় শিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন নিহত হওয়ার পর বিবৃতিটি দেওয়া হয়। নিহত দুই বোনের নাম ইউসরা ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ। তাদের বয়স যথাক্রমে ১৫ ও ১৩ বছর। ওই হামলায় তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ এবং মা নুরা এজত আবু আল-ওউফও নিহত হন।

এর আগে গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বির ১৯ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। সে মুসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বপ্ন ছিল ভবিষ্যতে একজন পেশাদার ফুটবলার হওয়ার।

মোহাম্মদের বাবা চিকিৎসক নিদাল মোহাম্মদ বারবাখ জানান, ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে প্রশিক্ষণের জন্য স্পোর্টস একাডেমিতে গিয়েছিল তাঁর ছেলে। এ সময় কাছের একটি পাহাড়ে ইসরায়েলি ট্যাংক অবস্থান নেয়। পরে মাঠের দিকে ছোড়া দুটি গোলার একটি দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে আঘাত করে এবং গলা দিয়ে বেরিয়ে যায়।

ছেলের স্মৃতিচারণা করতে গিয়ে বাবা বলেন, মোহাম্মদ পড়াশোনায় ভালো ছিল এবং ফুটবলে প্রতিভাবান ছিল। নিরাপদ হিসেবে পরিচিত একটি এলাকায় তার মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

এ ছাড়া গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে তিনজন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তাঁর বাবা এবং এক নারী। আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তাঁর ছেলে দাদার মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। বাবার সঙ্গে একটি শোকসভায় গিয়ে গোলাবর্ষণের শিকার হয় সে।

গাজার শিক্ষা খাতেও ভয়াবহ প্রভাব পড়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, ভূখণ্ডটির ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবনে বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুল ভবনে সরাসরি হামলা চালানো হয়েছে। ফলে হাজারো শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে, গাজার তরুণদের চতুর্থবারের মতো শীতকাল পার করতে হচ্ছে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। খাবার, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের সংকটে জনস্বাস্থ্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে মেনিনজাইটিস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অক্টোবরে ২৭০টির বেশি নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোগটি নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন বছরে ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শিশুদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনায় পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তাদের দাবি, আহমেদের মৃত্যুর দিন পরিচালিত অভিযানে ১০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয় এবং বেসামরিক প্রাণহানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।