২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল-বিকৃতি বা স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য একটি বিশেষ ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে এটি কোনো পুনঃতদন্ত বা শাস্তিমূলক প্রক্রিয়া হবে না। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ পরিবেশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হবে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে বেলেরিভ ওভালে এ ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন এবং প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তারা জানান, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তারা চাইলে এই ফোরামে অংশ নিতে পারবেন। তবে কাউকে অংশগ্রহণে বাধ্য করা হবে না।
ফোরামটি পরিচালনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে একজন স্বাধীন ব্যক্তি নিয়োগ দেওয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনা, দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং ক্রিকেটের পরিবেশ স্বাভাবিক করা। গ্রিনবার্গের মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে হলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে।
তবে নতুন উদ্যোগের অংশ হিসেবে ২০১৮ সালের তদন্ত আবার শুরু করা হবে না। গোপনীয়তার কারণ দেখিয়ে আগের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন গ্রিনবার্গ। ফোরামে কী আলোচনা হবে এবং সেখান থেকে পাওয়া তথ্যের কতটুকু জনসমক্ষে প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
ডেভিড বুন জানিয়েছেন, অতীতের ঘটনা নিয়ে নতুন করে বিচার করা কিংবা কাউকে শাস্তি দেওয়া এই উদ্যোগের উদ্দেশ্য নয়। যারা কথা বলতে চান, তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। অন্যদিকে, উসমান খাজা এই উদ্যোগকে স্বাগত জানালেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কায়ো স্পোর্টসকে খাজা বলেন, তিনি সব সময়ই নিজের বক্তব্য তুলে ধরার জন্য নিরাপদ পরিবেশ চেয়েছেন। তবে সাধারণ মানুষ আসলে কী ঘটেছিল, তা জানতে চায়। সংশ্লিষ্ট সবাই কথা না বললে পুরো সত্য সামনে আসা কঠিন। তার আশঙ্কা, প্রতিবেদনের সুবিধাজনক অংশ প্রকাশ করা হলে প্রকৃত ঘটনা আড়ালেই থেকে যেতে পারে।
খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে তিনিও নতুন করে কাউকে শাস্তি দেওয়ার পক্ষে নন। তার মতে, এই ঘটনায় শাস্তির চেয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার অতীতের সংস্কৃতিগত সমস্যাগুলো স্বীকার করার জন্য গ্রিনবার্গকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
খাজার আত্মজীবনী ‘সাবর’ প্রকাশের পরই স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বইটিতে তিনি দাবি করেন, কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। দলের অনেকেই বিষয়টি জানতেন বলেও দাবি করেন তিনি। এমনকি কেপটাউন টেস্টের সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে ড্রেসিংরুমে থাকলেও প্রাথমিক তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান খাজা।
তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গত শুক্রবার ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি খাজার বক্তব্যকে ১০০ শতাংশ ভুল ও ভিত্তিহীন বলে দাবি করেন। এর আগে মিচেল স্টার্কও স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছিলেন।
অন্যদিকে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকা পেসার চ্যাড সেয়ার্স খাজার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তার দাবি, পোর্ট এলিজাবেথ টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন এবং ব্যানক্রফট বল ঘষার পর সেটি মাঠ থেকে সরিয়ে নেওয়ার দায়িত্বও তার ছিল। তার বিশ্বাস, দলের পুরো স্কোয়াডই বিষয়টি সম্পর্কে অবগত ছিল।
সেয়ার্স আরও জানান, কেপটাউন ঘটনার পর ড্রেসিংরুমে প্রায় ৭০ মিনিটের একটি বৈঠক হয়েছিল। এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জানিয়েছেন, কেপটাউন টেস্টে খেলা ১১ ক্রিকেটারের মধ্যে আটজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ২০১৮ সালের প্রাথমিক তদন্তে। সফরে থাকা কোচ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন তদন্তকারীরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন